নবীনগরে রিভলবারসহ ইউপি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল রোববার মধ্যরাতে রিভলবার, পাঁচ রাউন্ড গুলিসহ আল মামুন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর বাড়ি উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে। তিনি ওই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে বিটঘর গ্রামের চিনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান চালান। এ সময় মামুনের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। রাতেই তাঁকে ভৈরব ক্যাম্পে নিয়ে আসা হয়।মেজর আবদুল্লাহ মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আল মামুন একজন কুখ্যাত ডাকাত। তাঁর বিরুদ্ধে তিনটি ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাবের হাতে ধরা পড়ার পর তিনি নিজেই এগুলো স্বীকার করেছেন। এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফুয়াদ রুহানি বলেন, ‘মামুনের বিরুদ্ধে ডাকাতিসহ পাঁচ-ছয়টি মামলা রয়েছে। র্যাবের হাতে তাঁর আটকের খবর আমরাও শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’