নবীনগরে শিশু খুন, গৃহবধূ ধর্ষিত!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রেজতপুর গ্রামে গতকাল শনিবার মধ্যরাতে এক বাড়িতে ডাকাতদের হাতে দুই বছরের একটি শিশু খুন হয়েছে। একই সঙ্গে ওই বাড়ির এক নারীকে ডাকাত দল ধর্ষণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।ডাকাতির শিকার ওই পরিবার ও পুলিশ জানায়, রেজতপুর (কান্দি) গ্রামের এক বাড়িতে গতকাল রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ওই সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে বেঁধে ডাকাতি শুরু করে। একপর্যায়ে তারা গৃহকর্তার ছেলের বউকে ধর্ষণ করে। এ সময় ওই নারীর দুই বছর বয়সী ছেলে চিত্কার করলে ডাকাতেরা ওই শিশুটিকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।বাড়ির গৃহকর্ত্রী বলেন, ‘ডাকাইতরা ঘর থাইক্যা ৬০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোনসেটসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট কইরা নিয়া গেছে। ডাকাতির সময় ডাকাইতরা আমার পুতের বউয়ের ওপর অত্যাচার করেছে। হেই সময় আমার দুই বছরের নাতিডা চিল্লাচিল্লি করলে ডাকাইতরা তারে গলা টিপ্পা মাইরা ফেলাইছে।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা মাহবুব হাসান বলেন, প্রাথমিক পর্যায়ে ওই নারীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় দুপুরের পর তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর আজ রোববার সকালে ঘটনাস্থল ঘুরে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ধর্ষিতা গৃহবধূকে দেখে এসে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এরই মধ্যে পুলিশের একাধিক টিম অপরাধীদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে।’