নবীনগরে সংখ্যালঘু গৃহবধূ নির্যাতন: গ্রেপ্তারকৃত শফিক রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে এক সংখ্যালঘু গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া শফিক মিয়াকে (৩২) আজ সোমবার রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি এলাকার চিহ্নিত অপরাধী। চুরি-ডাকাতিসহ সে তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে নিয়ে এ মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।’প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাত দুইটার দিকে উপজেলার শ্যামগ্রামে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে এক ঘুমন্ত গৃহবধূকে (২০) ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা গৃহবধূর গোপনাঙ্গে উপর্যুপরি ছোরা দিয়ে আঘাত করে। ওই গৃহবধূ এখন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। এ ব্যাপারে গৃহবধূর স্বামী গত ২ সেপ্টেম্বর বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন। পুলিশ ৮ সেপ্টেম্বর এলাকার জাহের মিয়া (৩০) ও ২৭ সেপ্টেম্বর রতন উদাসী (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে। গত শনিবার শফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।