নবীনগরে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামে গত বুধবার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। তাঁর নাম হাসান মিয়া (৪৫)। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মারা যান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।নিহত হাসান মিয়ার ছেলে আতাউর রহমান বাদী হয়ে গতকাল রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ওরফে গোলাপকে প্রধান আসামি করে ১৩৭ জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নবীনগর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান চিত্রি গ্রামের সাইফুল ইসলাম ওরফে শিশু মিয়া ও বর্তমান চেয়ারম্যান পার্শ্ববর্তী চর লাপাং গ্রামের গোলাম কিবরিয়া ওরফে গোলাপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এর জের ধরে গত বুধবার বিকেলে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শিশু মিয়ার পক্ষের সাবেক ইউপি সদস্য গুতু মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত হন ১০ জন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া ও দুজনকে কুমিল্লায় হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে শিশু মিয়ার আরেক সমর্থক মনু মিয়া (৭০) হূদরোগে আক্রান্ত হন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, পুলিশ ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে। চিত্রি গ্রামে দুই প্লাটুন পুলিশ দিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।