নবীনগরে সরকারি বিদ্যালয়ে ছাদ ধসে ৫ শিশু আহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে ছাদের বিম ধসে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তিনজন আহত শিশুকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো—দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিফ রায়হান (৯), মো. নিশাত (৯) ও কালু মিয়া (৮)।প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে দ্বিতীয় শ্রেণীর অঙ্কের ক্লাস চলাকালে বেলা ১১টার দিকে আকস্মিকভাবে ছাদের একটি বিম শিক্ষার্থীদের ওপর ধসে পড়ে। এ সময় অন্যান্য শ্রেণীকক্ষের শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ খবির উদ্দিন আহমেদ বলেন, ‘ছাদের সংস্কারের জন্য স্কুলের রেজুলেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েও কোনো প্রতিকার হয়নি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোতাহার বিল্লাহ বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে একজন এটিওকে ঘটনাস্থল ও হাসপাতালে পাঠিয়েছি। আমি নিজেও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাচ্ছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’