নবীনগরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত: বিক্ষোভ ও সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুরের কোম্পানীগঞ্জ সড়কে বাসের চাপায় আয়েশা বেগম (৪৫) নামের একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী চারটি গাড়ি ভাঙচুর করে এবং ওই সড়কে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে ইব্রাহিমপুরের এতিমখানা গেটের কাছে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে কোম্পানীগঞ্জ থেকে নবীনগরের দিকে ছেড়ে আসা জনতা পরিবহনের একটি বাস থেকে যাত্রী আয়েশা বেগম এতিমখানার গেটে নামার চেষ্টা করছিলেন। এ সময় গাড়ির সহকারীর হাতের ধাক্কায় তিনি বাস থেকে পড়ে গেলে, বাসটি আয়েশা বেগমকে চাপা দিয়ে চলে যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।এ দুর্ঘটনার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী চারটি গাড়ি ভাঙচুর করে এবং এতিমখানার গেটে সোয়া একটা থেকে সোয়া তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।আয়েশার মরদেহ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক দেলোয়ার হোসেন।নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।উল্লেখ্য, আয়েশা বেগম উপজেলার কাঁঠালিয়া গ্রামের আবদুল আলীমের স্ত্রী।