নবীনগরে হামলায় আহত একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মলাই মিয়া (৩৮) গতকাল সোমবার মারা গেছেন। তাঁর লাশ রাতেই গ্রামে নিয়ে যাওয়া হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বাছির মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কুড়িঘর গ্রামের পূর্বপাড়ায় ১০ অক্টোবর মলাই মিয়ার পরিবারের লোকজন বাড়ির পাশে গোবরের তৈরি লাকড়ি শুকাতে দেয়। এ সময় পাশের বাড়ির হাবিবুর রহমানের পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। এর জের ধরে হাবিবুর রহমানের পরিবারের লোকজন মলাই মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে মলাই গুরুতর আহত হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিত্সার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। রাত নয়টার দিকে ঢাকা থেকে তাঁর লাশ গ্রামে এসে পৌঁছালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর প্রথম আলো অনলাইনকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।