নবীনদের বহুমাত্রিক সৃজনসম্ভার
তারুণ্যের ভাবনা, সৃজনশীলতা ও নান্দনিক বোধের মিথস্ক্রিয়ায় রূপায়িত চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, স্থাপনাশিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর ১৮তম আসর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল শুক্রবার জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন শিল্পী হাশেম খান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, একাডেমীর চিত্রকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।এবারের প্রদর্শনীতে সব মাধ্যমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১২ পদক’ লাভ করেন বিশ্বজিত্ গোস্বামী। এ ছাড়া ছাপচিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন কামরুজ্জামান, ভাস্কর্যে আমিনুল ইসলাম ও চিত্রকলায় মাঈন উদ্দীন। এ ছাড়া আনিসুজ্জামান মামুন, ইরফানুল হক, জয়ন্ত সরকার ও মোয়াজ্জেম হোসেন পেয়েছেন সম্মাননা পুরস্কার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।এবারের প্রদর্শনীতে তরুণ প্রজন্মের শিল্পীদের কাজে সমকালীন চারুশিল্প বহুমাত্রিক রূপ লাভ করেছে। জলরং, তেলরং, অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, গ্রাফিকস, বুনন, লিনোকাট, স্ক্রিন প্রিন্ট, সিরামিকস, কাঠ, ধাতু, যন্ত্রাংশ, কাচ, কাগজ, সিমেন্ট, পাথরসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।এবার প্রদর্শনীতে প্রাথমিক পর্যায়ে ৪৬৩ জন শিল্পী অংশ নেন। কাজ জমা পড়েছিল এক হাজার ১১১টি। এর মধ্য থেকে ১৮১ জন শিল্পীর ২২৪টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এর মধ্যে চিত্রকলা ও ছাপচিত্র ১৮১টি, ভাস্কর্য ৩৩টি ও স্থাপত্যশিল্প ১০টি।প্রদর্শনী ১৬ মার্চ পর্যন্ত শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।নবীন শিল্পীদের বিবর্তনমূলক শিল্পকর্ম নিয়ে ১৯৭৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় শিল্পকলা একাডেমীর ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’। প্রথম প্রদর্শনীতে শিল্পী চন্দ্রশেখর দে নবীন শিল্পী হিসেবে পুরস্কার লাভ করেন। সেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন। ৩৭ বছরের এ পথপরিক্রমায় এ প্রদর্শনী থেকে জাতি উপহার পেয়েছে শত শত মেধাবী শিল্পী। নবীনের ঊষালগ্নে যেসব শিল্পী স্বীকৃত ও পুরস্কৃত হয়েছেন, আজ তাঁরাই দেশে ও বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিধিত্ব করছেন।প্রেসক্লাবে পিঠা উত্সবপিঠা উত্সব ও বাউলসংগীতের আমেজে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের মিলনমেলা বসেছিল। উত্সবে পাটিসাপটা, মালপোয়া, লবঙ্গ লতিকা, রস ফুল, নারকেলের ভাপা পুলি, চাঁদ পাকন, চিতই, ভাপাসহ রকমারি পিঠা পরিবেশন করা হয়।উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সিনিয়র সহসভাপতি কাজী রওনাক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী।অনুষ্ঠানে বাউলগান শোনান মানিকগঞ্জের বাউলশিল্পী শাহনাজ মুন্সী ও তাঁর দল।গ্যালারি জলরঙে ট্যাপেস্ট্রি প্রদর্শনীগ্যালারি জলরঙে গতকাল শুরু হয়েছে শিল্পী তাজুল ইসলামের একক ট্যাপেস্ট্রি প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড অলিং।আট দিনব্যাপী এই প্রদর্শনীতে ৪১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে অধিকাংশই রং ও আকার-আকৃতির সমন্বয়ে করা কাজ। এ ছাড়া আছে ‘ইসলামিক ক্যালিগ্রাফি’।তাজুল ইসলাম ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এরপর ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি পান। ট্যাপেস্ট্রি মাধ্যমে তাঁর রয়েছে একাধিক সম্মাননা, পুরস্কার এবং দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ ও প্রশিক্ষণের অভিজ্ঞতা। প্রদর্শনী চলবে ৯ মার্চ পর্যন্ত।এই দেশ এই মৃত্তিকা ‘এই দেশ এই মৃত্তিকা’ নামে কবি আহসান হাবীবের নির্বাচিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান হলো গতকাল সন্ধ্যায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এর আয়োজন করে আবৃত্তি একাডেমি।‘আমাকে নিয়ে গেল ফেলে আসা শৈশব’ এই কবিতা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘দিনগুলি মোর’, ‘ফিরতে হবে’, ‘আমি কোন আগন্তুক নই’, ‘হে বাঁশরি অসি হও’সহ আরও ২৪টি কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। একক ও দলীয় আবৃত্তিতে দলের ১২ জন আবৃত্তিকার অংশ নেন।অনুষ্ঠানে আবৃত্তি একাডেমি থেকে প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম ও অনুষ্ঠানের নির্দেশক মৃন্ময় মিজান উপস্থিত ছিলেন।