নব্বইয়ের স্মৃতি কখনই ভুলে যাওয়ার নয়: রজার মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালের বিশ্বকাপের অন্যতম বড় তারকা ক্যামেরুনের রজার মিলা। ক্যামেরুনের প্রেসিডেন্টের অনুরোধে অবসর ভেঙে খেলতে এসেছিলেন তিনি। এরপর পুরোটাই ইতিহাস। ৪টি গোল করে মিলা ছিলেন নব্বইয়ের বিশ্বকাপের অন্যতম শীর্ষ গোলদাতা। ১৯৯৪ সালের বিশ্বকাপেও রজার মিলা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েন। নব্বইয়ের বিশ্বকাপে গোল করার পর রজার মিলার কোমর দুলিয়ে অনন্য ঢঙের নাচটি আজও মনে রেখেছেন ফুটবল-দর্শকেরা। নব্বইয়ের বিশ্বকাপের অন্যতম ‘আইকন’ ছিল মিলার সেই নাচ। সম্প্রতি ফুটবল সাময়িকী ফোর টু ফোরকে রজার মিলা জানিয়েছেন, নব্বইয়ের বিশ্বকাপে তাঁর স্মৃতির কথা। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য সেই সাক্ষাত্কারের চুম্বক অংশ তুলে ধরা হলো:প্রশ্ন: নব্বইয়ের বিশ্বকাপের আগে আপনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। পরে আবার ফিরে এসে জাতীয় দলে ঢুকলেন। বিশ্বকাপে ইতিহাস গড়লেন। কীভাবে সম্ভব হয়েছিল তা?রজার মিলা: নব্বইয়ের বিশ্বকাপের আগে আমি ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে অবকাশ যাপন করছিলাম। সেখানে স্থানীয় একটি দলের হয়ে কয়েকটি প্রতিযোগিতাও খেলেছি। বিরাশির বিশ্বকাপে ক্যামেরুন দলে আমার সাবেক সতীর্থ থিওফাইল আবেগার একটি কাজে আমি দেশে ফিরি, তখন থেকেই অনেকে বলা শুরু করল, ামি কেন জাতীয় দল থেকে এত আগে অবসর নিয়েছি? এমনকি ক্যামেরুনের তত্কালীন প্রেসিডেন্ট একদিন আমাকে বললেন, তোমার বিশ্বকাপ দলে থাকা উচিত।প্রশ্ন: তখন আপনার প্রতিক্রিয়া কী ছিল? আপনি কি মনে করেছিলেন, জাতীয় দলের হয়ে খেলার জন্য যথেষ্ট ফিট রয়েছেন?রজার মিলা: দেখুন, এ কথা বললে অন্যায় হবে যে আমি জাতীয় দলের হয়ে খেলার পর্যায়ে ছিলাম। তবে একটি ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম, সেটা হলো আমার নিজের ক্ষমতা। আমি মনে করেছিলাম, সময়মতো নিজেকে ফিট হিসেবে গড়ে তুলতে পারলে আমি আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারব।প্রশ্ন: আপনি বললেন যে ক্যামেরুনের তত্কালীন প্রেসিডেন্ট আপনাকে জাতীয় দলের হয়ে খেলতে অনুরোধ করেছিলেন। ক্যামেরুন সরকারের তরফ থেকে সেই সময়কার কোচ ভ্যালেরি নেপমনিয়েচির ওপর কি কোনো চাপ ছিল, আপনাকে দলভুক্ত করার ব্যাপারে?রজার মিলা: চাপ নয়, অনুরোধ ছিল। তবে দলভুক্ত হতে আমাকে বেশ পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছিল। নেপমনিয়েচি কেবল আমার জন্যই কয়েকটি কঠিন ফিটনেস সেশনের ব্যবস্থা করেছিলেন। বিশ্বকাপের আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচেও আমি ভালো খেলেছিলাম। সব মিলিয়ে শেষ পর্যন্ত নেপমনিয়েচির মন জয় করতে সক্ষম হয়েছিলাম।প্রশ্ন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই তো ক্যামেরুন তত্কালীন চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছিল। খেলার আগে কি ভেবেছিলেন যে আপনারা আর্জেন্টিনার মতো দলকে হারাতে পারেন?উত্তর: অবশ্যই। আমরা ম্যাচটি জেতার লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিলাম। মাঠে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা জানতাম, নিজেদের সামর্থ্যমতো খেলতে পারলে আর্জেন্টিনাকে হারানো সম্ভব। সেই ম্যাচটিতে আমরা একটি বিশেষ কৌশল নিয়ে খেলতে নেমেছিলাম। কৌশলটি হলো ম্যারাডোনাকে যেকোনো মূল্যে আটকে রাখা। সে কৌশলটি সফল হয়েছিল।প্রশ্ন: আর্জেন্টিনাকে হারানোর পর নিশ্চয়ই অনেক আনন্দ করেছিলেন?রজার মিলা: একদমই না। পরের ম্যাচটি ছিল রোমানিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে রোমানিয়াকে হারানোর জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। জানতাম, রোমানিয়ার বিপক্ষে জিতলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ সুগম হবে। তাই আমরা সেই সুযোগটি হাতছাড়া করতে চাইনি।প্রশ্ন: রোমানিয়ার বিপক্ষে আপনার দেওয়া ২ গোলেই ক্যামেরুন জিতেছিল। ৩৮ বছর বয়সে ওই রকম পারফরম্যান্স আপনাকে অবাক করেনি?রজার মিলা: আমি এর আগে অতীতে অনেকবারই ক্যামেরুনের হয়ে নিজেকে প্রমাণ করেছিলাম। কিন্তু আমাকে কিছুটা অবাক করেছিল আমার ফিটনেস। এতটা ভালো করব, আশা করিনি।প্রশ্ন: রোমানিয়ার বিপক্ষে ম্যাচটিতেই গোল করার পর কর্নার পতাকার কাছে গিয়ে কোমর দুলিয়ে আপনার সেই বিখ্যাত নাচটি সবাই প্রথমবারের মতো উপভোগ করে। আপনি কি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে গোল করলে এভাবেই নাচবেন?রজার মিলা: রোমানিয়ার বিপক্ষে গোল করার আনন্দে স্বতঃস্ফূর্তভাবেই আমি নেচেছিলাম। ওটা পূর্বপরিকল্পিত কিছু ছিল না। আরও একবার দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে আমি গোল করে ওভাবে নাচলাম। নাচটি জনপ্রিয় হলো।প্রশ্ন: দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে গোলরক্ষক রেনে হিগুইটার কাছ থেকে বল কেড়ে নিয়ে আপনি যে গোলটি করেছিলেন, সেটা কী পূর্বপরিকল্পিত?রজার মিলা: আমি ফ্রান্সের মন্টেপেলিয়ার ক্লাবে কলম্বিয়ার অধিনায়ক ভালদেরামার সঙ্গে খেলেছি। একবার তিনি হিগুইটার কাণ্ড-কীর্তি নিয়ে আমাকে একটি ভিডিও দেখিয়েছিলেন। আমি বেশ অবাক হয়েছিলাম। নব্বইয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটির সময়ও কয়েকবার হিগুইটা বিপজ্জনকভাবে গোলপোস্ট থেকে বেরিয়ে এসে ড্রিবলিং করছিল। ব্যাপরটি আমি লক্ষ করি এবং ভাবি যেকোনো সময় হিগুইটার ভুলের সুযোগ নেওয়া যেতে পারে। তবে হিগুইটা অসম্ভব ভালো গোলরক্ষক, সে ড্রিবলিংয়েও পরদর্শী। আমি খুবই ভাগ্যবান যে খুবই হাস্যকরভাবে সেদিন তিনি আমার কাছে বলটি হারিয়েছিলেন।প্রশ্ন: কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় ক্যামেরুন। আপনি কি মনে করেন, ক্যামেরুন বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাওয়ার বিরাট এক সুযোগ হারিয়েছিল?রজার মিলা: দেখুন, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটিতে আমরা দুর্দান্ত খেলে দুইবার এগিয়ে গিয়েছিলাম। অনেকে বলেন, ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর আমাদের একটু রক্ষণাত্মক খেলা উচিত ছিল। তবে সেদিন আমরা দুইবার এগিয়ে গিয়েও অলআউট খেলেছিলাম। আমরা দুর্দান্তভাবেই ম্যাচটি জিততে চেয়েছিলাম। আনন্দদায়ক ফুটবল খেলে নিজেরাও আনন্দ পেতে চেয়েছিলাম। তবে দুর্ভাগ্য তেমনটা হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ড আমাদের হারিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছিল।প্রশ্ন: বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর ক্যামেরুন দলকে নিশ্চয়ই দারুণভাবে স্বাগত জানানো হয়েছিল?রজার মিলা: ইতালি থেকে যেদিন আমরা ফিরলাম, সেদিন রাজধানী ইউয়ান্ডেতে হাজার হাজার জনতা বিপুলভাবে আমাদের সংবর্ধিত করেছিল। সেনাবাহিনীর একটি খোলা ট্রাকে করে আমরা পুরো ইউয়ান্ডে শহর ঘুরেছিলাম। আসলে নব্বইয়ের বিশ্বকাপের স্মৃতি কখনই ভুলে যাওয়ার নয়।