জেলা প্রশাসকদের সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী
নভেম্বর-ডিসেম্বরে পৌর ও ইউপি নির্বাচন, ডিসিদের প্রস্তুতি নেওয়ার তাগিদ
আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যেই মেয়াদোত্তীর্ণ সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল সোমবার জেলা প্রশাসক সম্মেলনে এ ঘোষণা দেন।সৈয়দ আশরাফ এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন।মেয়াদোত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ায় ওই সব মেয়র ও চেয়ারম্যান সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না—সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আশরাফুল ইসলাম নির্বাচন অনুষ্ঠানের সময়কাল ঘোষণা করেন।মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদ অভিযোগ করেন, এখন অধিকাংশ পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান বিএনপি-জামায়াতসমর্থিত বলে তাঁরা দুর্যোগ এবং উন্নয়ন কার্যক্রমে সরকারকে সহযোগিতা করেন না। তিনি বলেন, সম্প্রতি কক্সবাজারের ভূমিধসের সময় সংশ্লিষ্ট মেয়রকে জেলা প্রশাসন ডেকেও পায়নি।এদিকে ইউপি এবং পৌরসভা নির্বাচনী আইনে দুই ওয়ার্ডের মধ্যে জনসংখ্যার ব্যবধান ১০ শতাংশের বেশি না হওয়ার শর্তের কারণে মামলা-মোকদ্দমার যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৈঠক শেষে সে ব্যাপারে আশ্বস্ত করেন। সাংবাদিকদের তিনি বলেন, সংশ্লিষ্ট আইনের সংশোধন প্রয়োজনীয় সময়েই করা হবে এবং নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন হবে।স্থানীয় সরকারমন্ত্রী বৈঠকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন।মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সচিব মনজুর হোসেন উপস্থিত ছিলেন।এ ছাড়া পররাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবেরা জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়: এ মন্ত্রণালয়ের আলোচনায় প্রাধান্য পায় সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টি। একাধিক জেলা প্রশাসক বলেন, বিশেষ করে এক হাজারের বেশি ভারতীয় নাগরিক বাংলাদেশের কারাগারে রয়েছে। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বলেন, ১০-১২ বছর আগে অনেকের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। এ অবস্থায় কারাগারের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, সাজাপ্রাপ্ত বিদেশিদের ফেরত পাঠানোর জন্য কোনো আইন নেই। ভারতের সঙ্গে একটি চুক্তি হচ্ছে, যাতে সাজাপ্রাপ্ত ভারতীয় নিজ দেশে মেয়াদ খাটতে চাইলে তাকে ফেরত দেওয়া যাবে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়: জেলা প্রশাসকেরা মাঠপর্যায়ে চিকিৎসকের সংকট দূর করার ওপর জোর দেন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে মাঠকর্মীর অভাব রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক পরিবার পরিকল্পনা কার্যক্রমসহ স্বাস্থ্য বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ভূমিকা রাখার নির্দেশ দেন।বাণিজ্য মন্ত্রণালয়: জেলা প্রশাসকদের পক্ষ থেকে মজুদদারির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার ক্ষমতা চাওয়া হয়। তাঁরা বাজার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে বিচারিক ক্ষমতা চান।বাণিজ্যমন্ত্রী ফারুক খান তাঁদের আসন্ন রমজান মাসে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন। জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্সের সভায় নিয়মিত বাজারদর পর্যালোচনা ও কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী।এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনায় তৈরি পোশাকশিল্পে অসন্তোষ নিরসনে শ্রমিকদের সংগঠন করার অধিকার দেওয়া প্রয়োজন বলে মত দেন জেলা প্রশাসকেরা। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন তাঁদের জানান, শিগগির ন্যূনতম মজুরি ঘোষণা করা এবং তা বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।