নভেম্বরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
এ বছর নভেম্বরের প্রথম সপ্তাহে ২০১০ সালের অষ্টম শ্রেণীর বার্ষিক ও বৃত্তি পরীক্ষা একীভূত করে এসএসসি পরীক্ষার আদলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।জানা যায়, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণীতে স্কুল ও মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত প্রতি বিষয়ে ১০০ নম্বরের এ পরীক্ষা হবে। ডিসেম্বরের মধ্যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ) পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে। এর ফলে প্রচলিত বৃত্তি পরীক্ষা উঠে যাচ্ছে। জেএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।সভা সূত্র জানায়, আগামী বছর থেকে এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং নবম শ্রেণীতে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। ভবিষ্যতে কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রেও এসএসসির ফলাফলের পাশাপাশি এ পরীক্ষার ফলাফল মূল্যায়ন করা হবে। সভায় অন্যান্যের মধ্যে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানসহ মন্ত্রণালয়ের ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, শিক্ষামন্ত্রী বলেছেন, অষ্টম শ্রেণীর বার্ষিক ও বৃত্তি পরীক্ষার পরিবর্তে নতুনভাবে শুরু করা জেএসসি ও সমমানের পরীক্ষা পদ্ধতি দেশের শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনবে। সরকারের এ উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালো ফল করার প্রতিযোগিতা বাড়াবে এবং শহর ও গ্রামের মধ্যে শিক্ষার মানের পার্থক্য কমাতে ভূমিকা রাখবে।