নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম
‘অন্য রকম এক দক্ষিণ এশিয়া গড়া সম্ভব’—এই স্লোগান নিয়ে আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা এতে অংশ নেবেন।আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের ধারাবাহিকতায় প্রথমবারের মতো দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তোলা এবং সমতা, স্বাধীনতা ও ন্যায্যতার ভিত্তিতে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করাই এই ফোরামের লক্ষ্য। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিচারপতি গোলাম রব্বানী, পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দীন ইউসুফ, চিকিত্সক নেতা রশিদ-ই মাহাবুব, নিজেরা করি-র নির্বাহী পরিচালক খুশি কবীর, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের সমন্বয়কারী মোহাম্মদ হেলালউদ্দিন প্রমুখ।