নভেম্বরে পাঁচ কোটি টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী অভিযান চালিয়ে ক্ষতিপূরণ বাবদ পাঁচ কেটি ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে এ খবর জানা গেছে।অধিদপ্তর জানায়, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, সিলেট, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জে ১২টি অভিযান চালিয়ে দূষণের দায়ে ৩০টি প্রকল্প ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও হালদা নদী দূষণ, বেআইনিভাবে পাহাড় কাটা, কৃষি জমি ধ্বংস করে ইটভাটা স্থাপন, বহুতল ভবন নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘন এবং শব্দ দূষণ ও জনদুর্ভোগের ঘটনার সঙ্গে জড়িত । ক্ষতিপূরণ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতটি ডাইং কারখানা, চারটি ইটভাটা, দুটি ওষুধ কারখানা, সাতটি বহুতল ভবন। এছাড়া বায়ুদূষণ ও শব্দ দূষণের জন্য দায়ী তিনটি এবং পাহাড় ও টিলা কাটায় সাত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালিত হয়। এ মাসে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের আওতায় ৩৫ লাখ টাকা জরিমানা আদায় এবং সিলেটসহ ছয়টি জেলায় অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন, ১৮১ টন কাঠ ও ১৪টি পাথর উত্তোলনকারী অবৈধ মেশিন জব্দ করা হয়। এসব ঘটনায় ২৫টি মামলা করা হয়। এ ব্যাপারে মুনীর চৌধুরী বলেন, পরিবেশকে অবজ্ঞা ও পরিবেশ আইন অমান্য করার দিন ফুরিয়ে গেছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশে পরিবেশ ধ্বংসের বেপরোয়া প্রবণতা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। এ অভিযান চলতে থাকবে।