ঢাকার প্রস্তাবিত দুটি সিটি করপোরেশনে আগামী মাসেই (নভেম্বর) দুজন প্রশাসক নিয়োগ করা হতে পারে। ঢাকাকে ভেঙে দুটি সিটি করপোরেশন করা ও প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০১১-এর খসড়া চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগ খসড়াটি গতকাল বুধবার রাতেই জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছে। নবম সংসদের আজ বৃহস্পতিবার শুরু হওয়া একাদশ অধিবেশনেই এ-সংক্রান্ত বিল পাস হবে। বিলের খসড়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৫ অনুচ্ছেদে সংশোধনী এনে মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধান করা হয়েছে। বর্তমান আইনের ২৫(১) অনুচ্ছেদে শুধু নতুন ঘোষিত সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে। আইনের ২৫(৪) অনুচ্ছেদে আছে, নিযুক্ত প্রশাসকের মেয়াদ কোনোমতেই ১৮০ দিনের বেশি হতে পারবে না।প্রস্তাবিত আইনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আলাদা করে ভৌগোলিক এলাকা চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এক হাজার ৫৩০ বর্গকিলোমিটারের ঢাকা মহানগরকে উত্তরে ৩৬টি এবং দক্ষিণে ৫৬টি ওয়ার্ডে ভাগ করা হবে। দুটি সিটি করপোরেশনেরই উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সীমানাও খসড়ায় রাখা হচ্ছে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভায় অনুমোদিত সিটি করপোরেশন বিলের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ অধিবেশনেই আইনটি পাস হওয়ার পর মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটি পরীক্ষা করে এক সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার পর তা আইন আকারে পাস হবে। আইনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর নভেম্বরের শেষ দিকে সচিব বা অতিরিক্ত সচিব পদমর্যাদার দুজন কর্মকর্তাকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী প্রথম আলোকে বলেন, কয়েক বছর আগে মেয়াদ শেষ হওয়ায় ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের জন্য সংসদীয় কমিটি অনেক আগেই সুপারিশ করেছিল। আইন সংশোধন না হওয়ায় তা সম্ভব হয়নি। এ অধিবেশনে আইনটি পাস হলে দ্রুততম সময়ে সরকার প্রশাসক নিয়োগ করবে।১৭ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত হয়। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।সর্বশেষ ২০০২ সালের ২৪ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন হয়। ডিসিসির প্রথম বৈঠকের তারিখ ধরে ২০০৭ সালের ১৪ মে এ নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়। আর নির্বাচন না হওয়ায় পাঁচ বছরের জন্য নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকা টানা সাড়ে নয় বছর ধরে দায়িত্ব পালন করছেন। বর্তমান আইনে নির্বাচিত প্রতিনিধির শুধু নির্বাচিত পরবর্তী প্রতিনিধির কাছেই দায়িত্ব হস্তান্তরের বিধান রয়েছে।