নভেম্বরের মধ্যে পৌর ও ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নভেম্বর মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব পৌরসভা এবং ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।জাতীয় সংসদে গতকাল রোববার জাতীয় পার্টির মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেলে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তরপর্ব শুরু হয়। বিরোধী দল বিএনপি গতকালও সংসদে যোগ দেয়নি।দেশে বর্তমানে মেয়াদোত্তীর্ণ আড়াই শতাধিক পৌরসভা ও চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রায় সব ইউনিয়ন পরিষদের মেয়াদ ২০০৮ সালে শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশকে বিরাজনৈতিকীকরণের অংশ হিসেবে স্থানীয় সরকার নিয়ে বেশ কিছু অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাজনীতিবিদেরা যাতে স্থানীয় সরকারে অংশ নিতে না পারেন, সে লক্ষ্য থেকেই তাঁরা এ ধরনের অধ্যাদেশ জারি করেন। রাজনীতিকে কলুষিত করার অংশ হিসেবে তাঁরা এটা করেছিল। তাই বর্তমান সরকার ক্ষমতায় এসে ওসব অধ্যাদেশ গ্রহণ না করে নতুন আইন প্রণয়ন করা হয়।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘প্রতি সপ্তাহেই আমার কাছে পাঁচ থেকে সাতটি ফাইল আসে নির্বাচিত প্রতিনিধিদের বিভিন্ন কারণে বরখাস্ত করে প্রশাসক নিয়োগের বিষয়ে। মামলাসহ বিভিন্ন কারণ দেখিয়ে এসব ফাইল আনা হয়। কোনো আমলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফাইল আসার এক হাজার ভাগের এক ভাগের কম সময়ে এসব ফাইল আসে। সরকারি কর্মকর্তাদের কলমের এক খোঁচায় নির্বাচিত জনপ্রতিনিধি বরখাস্ত হয়ে যান। এটি খুবই দুর্ভাগ্যজনক।’ তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের বেশির ভাগ সময় ক্রমাগত সামরিক শাসন চলেছে। ফলে আমাদের আমলাতন্ত্রও সামরিক শাসনে অভ্যস্ত হয়ে পড়েছে। সিভিল ব্যুরোক্রেসির কায়দা-কানুনও সামরিক ব্যুরোক্রেসির মতো। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এখনো তাঁরা তেমন অভ্যস্ত নয়। বরং তাদের এক ধরনের অবজ্ঞা রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে। এ অবজ্ঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার থেকে সাংসদ পর্যন্ত।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তবে গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘস্থায়ী হলে কর্মকর্তাদের মনও পরিবর্তন হতে পারে। তখন হয়তো আর তাঁদের কলমের এক খোঁচায় কোনো জনপ্রতিনিধিকে পদ থেকে সরানো যাবে না। তিনি এ ধরনের একটি আইন প্রণয়নের প্রস্তাব করে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে দণ্ড হওয়ার আগে যেন তাঁর প্রতিনিধিত্ব না যায়, সে ধরনের ব্যবস্থা করতে হবে। সংসদের দায়িত্ব আছে জনপ্রতিনিধিদের মানসম্মান রক্ষা করার। তিনি বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করে সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য আইনে নানা ফাঁকফোকর রাখা হয়েছে, যাতে জনপ্রতিনিধিরা বারবার পদলেহিত হন। আমরা এ আইন পরিবর্তন করতে চাই।’বেসরকারীকরণের সুপারিশ: রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণের সুপারিশ করেছে বেসরকারীকরণ কমিশন। প্রশ্নোত্তরপর্বে সংসদকে এ তথ্য জানান সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী। এসব প্রতিষ্ঠানের মধ্যে বিটিএমসির নিয়ন্ত্রণাধীন সাতটি, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন তিনটি এবং বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়ন্ত্রণাধীন দুটি মিল রয়েছে।বিটিএমসির নিয়ন্ত্রণাধীন মিলগুলো হলো: কাদেরিয়া টেক্সটাইল মিলস (টঙ্গী), সিলেট টেক্সটাইল মিলস, দারোয়ানি টেক্সটাইল মিলস (নীলফামারী), কুড়িগ্রাম টেক্সটাইল মিলস, ভালিকা উলেন মিলস (চট্টগ্রাম), আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস (ডেমরা, ঢাকা) ও চিত্তরঞ্জন কটন মিলস (নারায়ণগঞ্জ)। বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিল তিনটি হলো বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরি (চট্টগ্রাম), কওমী জুট মিলস (সিরাজগঞ্জ) ও দৌলতপুর জুট মিলস (খুলনা)। তাঁত বোর্ডের নিয়ন্ত্রণাধীন দুটি মিল হলো ডাইং অ্যান্ড প্রিন্টিং ইউনিট (চট্টগ্রাম) ও সার্ভিস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টার (ব্রাহ্মণবাড়িয়া)।মতিয়া চৌধুরী জানান, কমিশনের এই সুপারিশ এরই মধ্যে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর চূড়ান্ত অনুমোদন দেবে।