নভেম্বরের মধ্যে বিশেষ ফান্ড থেকে বিনিয়োগের ঘোষণা বিএবির
আগামী মাসের মধ্যে ‘পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল (এসএমএসএফ)’ থেকে বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। আজ বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।বিএবির চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘এসএমএসএফ একটি ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড। শুরুতে আমরা কমপক্ষে এক হাজার কোটি টাকা দিয়ে শুরু করব। পর্যায়ক্রমে ফান্ডটির আকার হবে পাঁচ হাজার কোটি টাকা।’নজরুল ইসলাম আরও বলেন, ‘শিগগিরই আমরা একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের জন্য এসইসিতে আবেদন করব। কেননা, বর্তমানে যে কোম্পানিগুলো রয়েছে, তাদের এত বড় তহবিল ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা নেই। একই সঙ্গে ফান্ডের গঠনের ব্যাপারেও আবেদন করা হবে। এসইসির পক্ষ থেকে বিষয়গুলো দ্রুত অনুমোদন দেওয়ার ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’নজরুল ইসলাম বলেন, ‘সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনসহ প্রাথমিক কাজ সম্পন্ন করতে চার সপ্তাহের মতো সময় লেগে যাবে। সুতরাং নভেম্বরের মধ্যে ওই তহবিল থেকে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করা যাবে।’এদিকে ব্যাংকগুলো তাঁদের দায়ের ১০ শতাংশ থেকে শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত রেখেছে বলে দাবি করেন বিএবির চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমার জানামতে, ব্যাংকগুলো তাদের বিনিয়োগ অব্যাহত রেখেছে। তবে ধীরে ধীরে এটা করা হচ্ছে। কেননা, একসঙ্গে বড় ধরনের বিনিয়োগ শুরু করলে তা বাজারের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে।’ এ ছাড়া ব্যাংকগুলোর কাছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা মজুদ রয়েছে বলে জানান তিনি।আর বিশেষ তহবিলের ব্যাপারে নজরুল ইসলাম বলেন, ‘এটা অতিরিক্ত একটি ফান্ড। ব্যাংকগুলোর নিজস্ব ফান্ড থেকে এই ফান্ডটি গঠন করা হবে।’