নম্বর নেই, পুলিশের টোকেনে চলে ৮০০০ অটোরিকশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নম্বরপ্লেটের জায়গায় শুধু ‘চট্টগ্রাম-১২’ লিখে চলছে সিএনজিচালিত অটোরিকশা। ভুয়া নম্বরে কিংবা নম্বরপ্লেট ছাড়াও চলছে। সব মিলিয়ে নিবন্ধন ছাড়া চট্টগ্রামের শহরতলিতে এ ধরনের অন্তত আট হাজার অটোরিকশা চলছে।অভিযোগ আছে, পুলিশের কাছ থেকে টোকেন নিয়ে এসব অটোরিকশা চলাচল করছে। টোকেনের হিসাবে প্রতি মাসে পুলিশ গাড়িপ্রতি ২০০-৩০০ টাকা আদায় করছে। যেসব অটোরিকশাচালক পুলিশের কাছ থেকে টোকেন নেন না, তাঁদের চলাচল করতে দেওয়া হয় না। মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পুলিশ এসব নম্বরবিহীন অটোরিকশা নিজেদের দাপ্তরিক কাজে ব্যবহার করার কথা স্বীকার করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আরটিসি (আঞ্চলিক পরিবহন কমিটি) নির্ধারিত সিলিং (এলাকার জন্য নির্ধারিত গাড়ির সংখ্যা) ১৩ হাজার পূর্ণ হয়ে যাওয়ায় ২০০৫ সাল থেকে চট্টগ্রাম মহানগর এলাকায় নিবন্ধন দেওয়া বন্ধ রয়েছে। গাড়ি বেড়ে যাচ্ছে— আরটিসির এ অজুহাতে ২০০৮ সালের পর থেকে জেলায় নিবন্ধন দেওয়া বন্ধ করে দেয় বিআরটিএ। এদিকে সড়কে নিবন্ধনবিহীন অটোরিকশা চলাচল শুরু করলে আরটিসি আড়াই হাজার গাড়ি নিবন্ধনের সিদ্ধান্ত নেয়। বিআরটিএর চেয়ারম্যান তা অনুমোদনও দেন। চট্টগ্রাম বিআরটিএ পত্রিকায় আড়াই হাজার সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধনের বিজ্ঞাপন জারি করে গত বছরের এপ্রিল মাসে। ২৫ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় পাঁচ হাজার অটোরিকশা নিবন্ধনের জন্য মালিকেরা কাগজপত্র জমা দেন নিবন্ধন বিভাগে। কিন্তু একজন মালিক আড়াই হাজার গাড়ির পরিবর্তে সড়কে চলাচলকারী সব সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধন করানোর দাবি জানিয়ে হাইকোর্টে রিট করেন। এ সময় একজন আমদানিকারকও প্রায় একই দাবিতে রিট করেন। সূত্র জানায়, বিআরটিএ কর্তৃপক্ষ ১৬ মাস গত হলেও রিট নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে নিবন্ধন-প্রক্রিয়া ঝুলে যায়। চট্টগ্রাম বিআরটিএর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, চট্টগ্রাম জেলায় অবকাঠামো বিবেচনায় আরও ১০ হাজার অটোরিকশা অনায়াসেই নিবন্ধন দেওয়া সম্ভব। তিনি বলেন, কর্তৃপক্ষের গড়িমসির কারণেই সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। হাটহাজারী সার্কেলের এএসপি মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘হাজার হাজার সিএনজিচালিত অটোরিকশা চলছে নম্বর ছাড়া। আমরা প্রায়ই অভিযান চালাই। জরিমানা করি। কিন্তু সমাধান হয়নি। যদি নিবন্ধন বন্ধ থাকবে, তাহলে আমদানি করতে দিচ্ছে কেন?’চট্টগ্রাম ও ঢাকাসহ কয়েকটি জেলায় তিন বছর ধরে অটোরিকশা নিবন্ধন বন্ধ। কিন্তু আমদানি ও বিক্রি থেমে নেই। তাই দিন দিন চট্টগ্রামে নম্বরবিহীন অটোরিকশার সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে এসব অটোরিকশাযোগে বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে।বিআরটিএ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর ও জেলা মিলে মোট ২৬ হাজারের মতো বৈধ বা নিবন্ধিত অটোরিকশা রয়েছে। রাস্তায় চলাচলকারী অনিবন্ধিত অটোরিকশার সংখ্যা আট হাজারের মতো। অবৈধভাবে অটোরিকশা চললেও বিআরটিএ কিংবা পুলিশের কোনো মাথাব্যথা নেই। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার এ রকম একটি নম্বরবিহীন অটোরিকশাযোগে মদ পাচার হচ্ছিল। রাউজানে পুলিশ এই অটোরিকশা আটক করার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে এটা কার গাড়ি সেটা আর বের করা যাচ্ছে না। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ‘বেশ কিছু অটোরিকশা নম্বর ছাড়া চলছে। নিয়ম হলো, গাড়ি কেনার পর নম্বরপ্লেট লাগিয়ে চলবে। কিন্তু আমরা যাত্রীদের দিক বিবেচনা করে কঠোর ব্যবস্থা নিচ্ছি না।’ কোনো কোনো পুলিশ সদস্য এসব গাড়ি নিজেদের কাজে ব্যবহার করেন বলে তিনি স্বীকার করেন।বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) উপপরিচালক এস কে বিশ্বাস বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন বন্ধ করা হয় তিন বছর আগে। কিন্তু এখনো এর আমদানি চলছে। ফলে রাস্তায় নম্বরবিহীন অটোরিকশা চলছে। কেউ ভুয়া নম্বর দিয়ে, কেউ বা শুধু ‘চট্টগ্রাম-থ-১২’ দিয়ে চালাচ্ছে। আমাদের হিসাবে এ সংখ্যা আট হাজারেরও বেশি। এসব চালকেরও লাইসেন্স নেই।’ এস কে বিশ্বাস আরও বলেন, ‘নম্বরবিহীন এসব গাড়ি চলাচল একমাত্র রোধ করতে পারে পুলিশ। আমাদের সাধ্য সীমিত।’জানা গেছে, ২০০৮ সালের শেষ দিক থেকে চট্টগ্রাম ও ঢাকাসহ কয়েকটি জেলায় অটোরিকশা নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়। তবে তিন পার্বত্য জেলাসহ কিছু কিছু জেলায় এখন নতুন করে নিবন্ধন করা হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে অটোরিকশা আমদানি করা হচ্ছে। যেসব জেলায় নিবন্ধন দেওয়া হচ্ছে, সেখানে চলাচল না করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নম্বর ছাড়া এখন এসব অটোরিকশা চলাচল করছে। উত্তরা মোটরস বাজাজ ব্র্যান্ডের এসব অটোরিকশা আমদানি করে বলে জানা গেছে। পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠানও এগুলো আমদানি করে থাকে। তবে রাস্তায় চলাচলকারী অটোরিকশার মধ্যে বাজাজ ব্র্যান্ডেরই প্রায় ৯০ শতাংশ। জানতে চাইলে উত্তরা মোটরস চট্টগ্রামের ব্যবস্থাপক মো. শহীদুল হক বলেন, ‘চলতি অর্থবছরের তিন মাসে তাঁদের প্রায় ৮০০ অটোরিকশা বিক্রি হয়েছে। তিন পার্বত্য জেলা ও নোয়াখালীসহ কয়েকটি জেলায় অটোরিকশা নিবন্ধন আগে বন্ধ থাকলেও এখন চালু রয়েছে। তাই কেউ কেউ ওই সব জেলার জন্য কিনে এখানে ব্যবহার করতে পারে।’ সরেজমিনে দেখা গেছে, নগরের কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় প্রতিদিন অন্তত ৫০০ অটোরিকশা পার্ক করা থাকে। একইভাবে হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই, বাঁশখালী, রাঙ্গুনিয়া, কাপ্তাই রোডে এসব অটোরিকশা চলাচল করে। এগুলোর মধ্যে চট্টগ্রাম-থ-১২ ছাড়া আর কোনো নম্বর নেই। কোনো কোনোটি ভুয়া নম্বর দিয়ে চলছে। মইজ্যার টেক এলাকায় এসব অটোরিকশার দুটো সমিতিও রয়েছে। তারা পুলিশকে ‘হাত করে’ এসব অবৈধ অটোরিকশা চলাচলের ব্যবস্থা করে দেয়। এ প্রসঙ্গে কর্ণফুলী সিএনজি চালক কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের সদস্যভুক্ত প্রায় ৫০০ সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। এর মধ্যে কিছু গাড়ির নিবন্ধন নেই। মাঝেমধ্যে পুলিশ সমস্যা করে। তবে আমরা প্রতিদিন একটি গাড়ি কর্ণফুলী থানায় ডিউটি করতে দিই।’চট্টগ্রাম সিএনজি মালিক সমিতির যুগ্ম সম্পাদক রতন চৌধুরী বলেন, ‘অনিবন্ধিত অটোরিকশার মাধ্যমে অপরাধ করলে সেগুলো আর ধরা সম্ভব হয় না। এ কারণে আমরা পাঁচ হাজার নতুন অটোরিকশা নিবন্ধন করার দাবি জানিয়েছিলাম। এ ব্যাপারে একটি মামলাও চলছে।’