নম্বর প্লেটে বিধি লঙ্ঘন
দেখে মনে হয়, কালির দোয়াত দিয়ে লেখা বর্ণ। আসলে তা কম্পিউটারের ফন্ট। ‘ঢাকা মেট্রো-হ’ কথাটাই ইংরেজিতে লেখা। ঝাঁ-চকচকে পাজেরোটির পেছনের পরিচয়পত্রে (নম্বর প্লেট) লেখা সবই ইংরেজিতে। শুধু এ গাড়িটিই নয়, নগরের রাস্তায় চলতি পথে অনেক গাড়িতেই ইংরেজি বর্ণে লেখা পরিচয়পত্র চোখে পড়ে। অথচ বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোটরযান বিধিমালা ১৯৮৪ অনুযায়ী, নম্বর প্লেটের লেখা বাংলায় লিখতে হবে। এ ছাড়া স্পষ্ট অক্ষরের ওই নম্বর প্লেট গাড়ির সামনে ও পেছনে বসাতে হবে। বিধিমালায় বলা হয়েছে, নম্বর প্লেটে কালো ও সাদা রং বাদে অন্য কোনো রং ব্যবহার করা যাবে না। মোটরযান মালিকেরা বিধি লঙ্ঘন করে রঙিন তো বটেই, নম্বর প্লেটে কিঞ্চিত আলোকসজ্জাও করছেন। বিধি প্রয়োগে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগও তৎপর নয়।বিআরটিএর মোটরযান বিধিমালা ১৯৮৪-এর ৫৯ নম্বর বিধির উপবিধি-২ অনুযায়ী, গাড়ির পরিচয়পত্রটি লিখতে হবে বাংলায় এবং সংখ্যাগুলো লিখতে হবে কোনো রকমের অলংকরণ ছাড়া সোজাসাপ্টা অক্ষরে। এখানে আরও উল্লেখ করা হয়েছে, বাণিজ্যিক কাজে ব্যবহূত গাড়িগুলোর নম্বর প্লেট হবে সাদা প্লেটের ওপর কালো বর্ণ। দূতাবাসের গাড়িগুলোর পরিচয়পত্রে থাকবে হলুদ প্লেটের ওপর লাল বর্ণ। এ ছাড়া ব্যক্তিগত সব যানের পরিচয়পত্রের রং হবে কালোর ওপর সাদা বর্ণের।কিন্তু নম্বর প্লেটের এসব বিধি অনেকেই মানছে না বলে দাবি করেন ইংরেজি অক্ষরে পরিচয়পত্র লেখা এমন এক গাড়ির চালক মাহবুব তারেক। তিনি বলেন, পলাশীর মোড়ে কয়েক দিন আগে একঝাঁক যুবককে দেখলাম। তাঁদের মোটরসাইকেলের চেহারা দেখে বোঝা যায়, তাঁরা প্রত্যেকেই বেশ ফ্যাশন-সচেতন। তাঁদের কয়েকজন মোটরসাইকেলে নম্বর প্লেটে লাগিয়েছেন রঙিন আলোর মরিচবাতি। রাতের রাস্তায় দূর থেকে নীল আলো ছড়ায় এ ধরনের প্লেট।নগরের সড়কে বাণিজ্যিক, ব্যক্তিগত আর দূতাবাসের যানবাহন মিলিয়ে তিন রকমের নম্বর প্লেট থাকার কথা। অথচ দেখা যায় নানা রকম নম্বর প্লেট। কোনো ব্যক্তিগত গাড়িতে সাদার মধ্যে কালো লেখা, আবার কোনোটিতে কালোর মধ্যে সাদা লেখা। বিধি অনুযায়ী, প্লেটের মধ্যে দুটি লাইনে লেখার কথা। এর মধ্যে ওপরের লাইনে লিখতে হবে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) স্থানের নাম ও গাড়ির সিরিজ নম্বর। আর নিচের লাইনে লিখতে হবে যানবাহনের নিবন্ধন নম্বর। অথচ অনেকে এক লাইনেই গাড়ির পরিচয়পত্র লিখে থাকেন।মোটরযান বিধিমালায় নম্বর প্লেটের আকার নিয়েও নির্দেশনা আছে বলে জানালেন বিআরটিএর উপপরিচালক (প্রকৌশল বিভাগ) শেখ মোহাম্মদ মাহবুব ই রব্বানী। তিনি জানান, মোটরসাইকেল, অটোরিকশা, মিশুকসহ অন্যান্য তিন চাকার যানের পরিচয়পত্র দৈর্ঘ্যে সাড়ে আট ইঞ্চি ও প্রস্থে ছয় ইঞ্চি হবে। ব্যক্তিগত গাড়ি, জিপ, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব, পিকআপের মতো হালকা যাত্রীবাহী অথবা মালবাহী যানের পরিচয়পত্র লম্বায় হবে ১৪ ইঞ্চি এবং চওড়ায় সাড়ে ছয় ইঞ্চি। এ ছাড়া বাস, মিনিবাস, ট্রাক ও লরির মতো যানবাহনের পরিচয়পত্রের দৈর্ঘ্য হবে ১৫ ইঞ্চি আর প্রস্থ সাড়ে আট ইঞ্চি। নির্দিষ্ট আকার বাদে অন্য আকারের পরিচয়পত্র গাড়ির সামনে-পেছনে বসালে মামলাও করা যাবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, পরিচয়পত্রটি এমনভাবে লাগাতে হবে, যাতে ২৫ গজ দূর থেকে দিনে ও রাতে স্পষ্ট বোঝা যায়।মোটরযানের নম্বর প্লেটে বিধিমালা লঙ্ঘিত হলে মোটরযান বিধিমালার ১৪০ ধারা অনুযায়ী, সরকারি আদেশ ভঙ্গের দায়ে যানবাহন-মালিকের ৫০০ টাকা জরিমানা অথবা এক মাসের কারাদণ্ড হতে পারে বলে জানান বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার।এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বিআরটিএ ও ডিএমপির ট্রাফিক বিভাগের অনেক কর্মকর্তা নম্বর প্লেটের বিধিমালার বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন না। নম্বর প্লেটের ইংরেজি ভাষার ব্যবহার বন্ধে কী করা হচ্ছে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর দাবি করেন, ‘ইংরেজি ভাষার নম্বর প্লেট দেখলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিই।’