নম্বর বাড়ানোর ৯টি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার জন্য তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছ। এখন প্রতিটি বিষয় রিভিশন দিয়ে নাও। একই সঙ্গে পরীক্ষা দেওয়ার নিয়মকানুনের কথা মনে করিয়ে দিতে চাই, যা জানলে কিছু বাড়তি নম্বর পেতে পারো। পরীক্ষার খাতা: মনে রাখবে, তোমার পরীক্ষার খাতাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার জানা যাবতীয় বিষয় ওই খাতায় প্রশ্নের উত্তরের মাধ্যমে দিতে হবে। প্রথম পাতায় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডের বৃত্ত সঠিকভাবে ভরাট করবে।  হাতের লেখা: হাতের লেখা সুন্দর হওয়া উচিত। শব্দের ও লাইনের মধ্যে ফাঁক রেখে পরিচ্ছন্ন করে লিখতে হবে, যাতে সহজে পড়া যায়। প্রশ্ন নির্বাচন: কোন প্রশ্নের উত্তর লিখবে আর কোন প্রশ্নটা বাদ দিলে সুবিধা—বাছাইয়ের কাজটি সঠিকভাবে করা জরুরি। যেসব প্রশ্নে পূর্ণ নম্বর পাওয়া যায়, জানা থাকলে সে ধরনের প্রশ্নের উত্তর দেওয়া ভালো। একই ধরনের প্রশ্ন হলে যেটি ভালো জানা, সেটি লিখবে। তবে সাবধান হওয়া দরকার, বেখেয়ালে কোনো প্রশ্ন বাদ রেখে এলে কি না অথবা প্রশ্নের ভেতরের ছোট অংশগুলোর উত্তর দেওয়া হলো কি না। সময়ের দাম: কোনো প্রশ্নের উত্তর বেশি জানা বলে অনেক বেশি সময় খরচ করে ফেললে পরে সময়ের অভাবে দু-একটি প্রশ্নের উত্তর দিতে পারবে না বা দায়সারাভাবে উত্তর দিতে হবে। এতে বেশ ক্ষতি হবে।  সঠিক বানান: বানান যারা ভালো জানে, তারাও হঠাৎ ভুল করে। কাজেই সতর্কতা দরকার। যেসব বানান সচরাচর ভুল হয়, সেগুলো অনুশীলন দরকার। বিখ্যাত আর পরিচিত নামের বানান যেন ঠিক থাকে। তোমার পাঠ্যবইয়ের লেখকদের নাম যেন ভুল না হয়। কিছু যেন বাদ না যায়: কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না। না পারলেও যতটা পারা যায়, চেষ্টা করে লিখে আসবে। ব্যাখ্যাটা পারা যাচ্ছে না, কার লেখা, কোন গল্প থেকে এসেছে তা লিখলে দুই-এক নম্বর মিলে যাবে। কোনো কোনো প্রশ্নের মধ্যে নানা অংশ থাকে। তার কোনো অংশ যেন বাদ না যায়। পাঁচটা লিখতে বললে চারটে লিখে চলে আসবে না। চিত্র আঁকা, ছক দেওয়া: প্রশ্নের প্রয়োজনে যখনই পারবে ছক কিংবা চিত্র এঁকে তোমার উত্তরের গুণমান বাড়াবে। অবশ্য তাড়াতাড়ি আঁকার অভ্যাস থাকলেই এ কাজ পারবে। তাতে বেশি নম্বর আসবেই। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানে ছবি অবশ্যই দেবে। অর্থনীতিতে প্রয়োজনীয় ছক দেবে। রিভিশন দেওয়া: যদি সময় করে পুরো খাতার রিভিশন করা যায়, খুব ভালো হয়। বেশ কিছু ভুল তাতে সেরে নেওয়া যাবে। গণিতের ক্ষেত্রে এ রকম রিভিশন অবশ্যই দরকার।