নয় ঘণ্টা পর নদী পার হলেন নৌমন্ত্রী
দীর্ঘ নয় ঘণ্টা মাঝ নদীতে আটকা থাকার পর পদ্মা পার হয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর আজ সকাল ১১টার দিকে তাঁকে বহনকারী ফেরিটি নদী পার হয়। রাত একটা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত নয় ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।ঘনকুয়াশার কারণে গতকাল শনিবার রাত একটা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় মাঝ নদীতে আটকা পড়েন নৌ-পরিবহন মন্ত্রী। নৌমন্ত্রীর সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে কাওরাকান্দি ঘাট থেকে ‘ফেরি ফরিদপুর’-এ ওঠেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তবে ঘন কুয়াশার কারণে রাত একটার দিকে ফেরিটি মাঝ পদ্মায় মাগুরখণ্ড চ্যানেলের কাছে আটকা পড়ে। আজ সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে তাঁকে বহনকারী ফেরিটি চলতে শুরু করে।এদিকে ৯ ঘণ্টা মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ৫০টি যাত্রীবাহী বাস ও শতাধিক যানবাহনসহ ৭টি ফেরি আটকে ছিল। এ সময় মাদারীপুরের কাওরাকান্দি ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।