নয়াপল্টনে ককটেল-গুলি, বিএনপির সমাবেশ পণ্ড (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী ও সাংবাদিক আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ চলছিল। সাড়ে চারটার দিকে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড় থেকে একটি মিছিল বের হয়। এ সময় সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।পুলিশ দাবি করেছে, জামায়াত-শিবিরের কর্মীরা ওই মিছিলটি বের করার চেষ্টা করেন। সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। প্রথমে মাইকে সবাইকে শান্ত হওয়ার ঘোষণা দেওয়া হলে অনেকে কিছুটা শান্ত হন। কিন্তু এ সময় সমাবেশ মঞ্চের পশ্চিম পাশে থাকা কিছু নেতা-কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আর মঞ্চের সামনে অনেকে ‘হরতাল হরতাল’ বলে স্লোগান দিতে শুরু করেন। এ সময় বিএনপির কর্মীরা ওই এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়তে ছুড়তে বিএনপির সমাবেশ মঞ্চের দিকে যেতে থাকে। তখন নেতা-কর্মীরা দিগ্বিদিক পালিয়ে যান। মুহূর্তে ফাঁকা হয়ে যায় নয়া পল্টন এলাকা। ফাঁকা এলাকায়ও পুলিশ ব্যাপক ফাঁকা গুলি ছুড়তে থাকে।ছত্রভঙ্গ হয়ে বিএনপির কর্মীরা আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। সেখান থেকে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় একটি প্রাইভেট কারেও আগুন দেওয়া হয়। একটানা ২৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এতে পণ্ড হয়ে যায় বিএনপির বিক্ষোভ সমাবেশ।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এবং বেশ কিছু সংখ্যক কর্মী আশ্রয় নেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আহত অবস্থায় কেন্দ্রীয় কার্যালয় থেকে বের করে হাসপাতালে নিতে দেখা যায়।বিএনপি দাবি করেছে, এ ঘটনায় তাঁদের দেড় হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। বিএনপির মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবিরের কর্মীরাই আজ বিকেলে নয়াপল্টনে তাণ্ডব চালিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজকের এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। নাশকতা সৃষ্টির জন্য পল্টন, শান্তিনগর ও এর আশপাশে জামায়াত-শিবিরের কর্মীরা ওত্ পেতে ছিল।’ জামায়াতের এই পরিকল্পনা সম্পর্কে বিএনপির নেতাদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তবে তাঁরা নিশ্চয়তা দিয়েছিলেন, এমন কোনো ঘটনা ঘটবে না। তিনি জানান, বিএনপির সভার শেষ দিকে শিবিরের কর্মীরা মিছিল বের করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। তাই পুলিশও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়। এ ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।