নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার সকালে তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল লোক আজ সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ছাত্রদলের নতুন কমিটি মানি না’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা সেখানে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে রাস্তার পাশে খাবারের ভ্যানে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া আজ শনিবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘তারা যদি ছাত্রদলের কর্মী হয়ে থাকে, তাহলে তো আগে আমাদের সঙ্গে আলোচনা করবে। কিন্তু তেমন তো কেউ করছে না। এরা সরকারের দালাল কি না, সেটিও দেখার বিষয়। কারণ, পুলিশের সামনে এসে তারা বোমাবাজি করছে, কিন্তু পুলিশ কিছুই করছে না। তবে আমাদের নেতা-কর্মী কেউ থাকলে তারা আমাদের বিষয়গুলো জানাতে পারে।’ সম্প্রতি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই কমিটির পদবঞ্চিত নেতারা গত বৃহস্পতিবার গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। সে সময় ছাত্রদলের দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।