নয়াপল্টনে মহাসমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। আজ শনিবার সকালে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আশ্বাস দেন। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম সাংবাদিকদের এ কথা জানান।আবদুস সালাম বলেন, মহাসমাবেশের প্রচারণার জন্য মাইক ব্যবহারের ব্যাপারে এখনো কোনো অনুমতি পাওয়া যায়নি। এ ছাড়া ১২ মার্চ মহাসমাবেশের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার।গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকা জানিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চারদলীয় জোটের ১২ মার্চের মহাসমাবেশের জন্য মানিক মিয়া এভিনিউ, পল্টন ময়দান অথবা নয়াপল্টন এলাকা ব্যবহারের অনুমতি চেয়ে প্রায় দুই সপ্তাহ আগে আবেদন করেছে বিএনপি।