নরওয়েতে কলম্বিয়া সরকার-বিদ্রোহীদের আলোচনা শুরু
নরওয়ের রাজধানী অসলোর অদূরে কলম্বিয়া সরকার ও বামপন্থী বিদ্রোহী সংগঠন ফার্কের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ ৫০ বছরের সংঘর্ষের ইতি টানতে দুপক্ষের মধ্যস্থতাকারীরা একটি হোটেলে আজ বৃহস্পতিবার এ আলোচনা শুরু করে। প্রাথমিকভাবে এ প্রক্রিয়া এক মাস ধরে চলবে বলে জানিয়েছেন তাঁরা। ফার্কের মধ্যস্থতাকারীদের প্রধান ইভান মার্কেজ বলেন, তাঁরা শান্তির বার্তা নিয়ে এসেছেন। তবে শান্তির মানে এই নয় যে অস্ত্র ত্যাগ করতে হবে।বিবিসির খবরে বলা হয়, নরওয়েতে শান্তি আলোচনার আগে একটি ঘোষণাপত্র পড়া হয়েছে। এতে বলা হয়েছে, দুপক্ষই নরওয়েতে শান্তি আলোচনায় বসবে। এ ছাড়া আগামী মাসে কিউবার রাজধানী হাভানায় আলোচনার পরের ধাপ শুরু হবে বলেও ঘোষণাপত্রে বলা হয়।কলম্বিয়া সরকারপক্ষের প্রধান মধ্যস্থতাকারী হামবার্তো দে লা কেল্লে বলেন, আজকের আলোচনার ক্ষণটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত। আগামী বছরের ফেব্রুয়ারিতে আরও বিস্তৃত পরিসরে এ আলোচনার দ্বিতীয় অধ্যায় শুরু হবে বলে জানান তিনি। দে লা কেল্লে বলেন, আলোচনার তৃতীয় পর্যায়ে সশস্ত্র সংঘাত বন্ধে একটি চুক্তি করা হবে। এ চুক্তি জনসমক্ষে প্রকাশ করা হবে।অর্ধ শতকের সংঘাত বন্ধে ফার্ক ও সরকারের মধ্যে আলোচনার জন্য এ পর্যন্ত তিনবার উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ ২০০২ সালে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে ব্যর্থ হয়।