নরওয়েতে জোড়া হামলা: দায় স্বীকার করলেন গ্রেপ্তার ব্রেইভিক
নরওয়ের জোড়া হামলার দায় স্বীকার করেছে এ ঘটনায় গ্রেপ্তার ‘সন্দেহভাজন’ অ্যান্ডারস বেহরিং ব্রেইভিক (৩২)। তাঁর আইনজীবী গিয়ার লিপসটেড নরওয়ের সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। গত শুক্রবার নরওয়ের ছোট্ট দ্বীপ উটোয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের সমাবেশে গুলি চালিয়ে ৮৫ জনকে হত্যার পর ঘটনাস্থল থেকে ‘সন্দেহভাজন’ বন্দুকধারী ব্রেইভিককে গ্রেপ্তার করা হয়। একই দিন রাজধানী অসলোতে প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় বোমা হামলায় সাতজন নিহত হওয়ার ঘটনার সঙ্গেও ব্রেইভিক জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল। বিবিসির খবরে বলা হয়, আইনজীবী গিয়ার লিপসটেড বলেছেন, ব্রেইভিক তাঁর কর্মকাণ্ডকে ‘বিভীষিকাময় কিন্তু প্রয়োজনীয়’ বলে দাবি করেছেন। আগামীকাল সোমবার আদালতে শুনানিকালে ব্রেইভিক এ ব্যাপারে তাঁর বক্তব্য তুলে ধরতে পারেন।ব্রেইভিকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে। কাল তাঁকে আদালতে হাজির করা হবে। আদালতে বিচারকই সিদ্ধান্ত নেবেন তদন্ত চলাকালে তাঁকে অভিযুক্ত করা হবে কি না।প্রসঙ্গত, ডানপন্থী উগ্র জঙ্গিবাদের সঙ্গে ব্রেইভিকের সম্পর্ক ছিল বলে বলা হচ্ছে।এদিকে নরওয়েবাসী নিহতদের স্মরণে শোক পালন করছে। অসলোর পুলিশ নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে। যুব সমাবেশে হামলার ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, গুলি থেকে রক্ষা পেতে তাঁরা দ্বীপের পাশে পানিতে ঝাঁপ দিয়েছিলেন।