নরওয়েতে বন্দুকধারীর গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৮৪
নরওয়ের উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সম্মেলনে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানী অসলোতে প্রধানমন্ত্রীর দপ্তরসহ কয়েকটি সরকারি ভবনে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার পর ওই বন্দুকধারী হামলা চালায়। অসলোর বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে।পুলিশ ৩২ বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধারণা করছে, বন্দুকধারীর সঙ্গে রাজধানীতে বোমা হামলার সম্পর্ক রয়েছে।পুলিশপ্রধান ওয়েস্টেইন মিল্যান্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সর্বশেষ হিসাব অনুযায়ী বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা যে বাড়বে না সে ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারছি না।’প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশবেশী ওই বন্দুকধারী দ্বীপটিতে লেবার পার্টির যুব সংগঠনের একটি সম্মেলনে ঢুকেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।হামলা থেকে বেঁচে যাওয়া ইওরগেন বেনোন বলেন, ‘আমি চোখের সামনে লোকজনকে গুলি করে হত্যা করতে দেখেছি। তখন যত সম্ভব শান্তভাবে বসে থাকার চেষ্টা করি। আমি কয়েকটি পাথরের পাশে লুকিয়ে ছিলাম। বন্দুকধারীকে মাত্র ২০ থেকে ৩০ মিটার দূরত্ব থেকে দেখেছি। তখন আমি জীবনের আশা ছেড়ে দিয়ে প্রিয়জনদের কথা ভাবতে থাকি।’হামলার আরেকজন প্রত্যক্ষদর্শী এনিটা লিয়েন (৪২) বলেন, ‘হামলা থেকে বাঁচতে অনেকে পাশে লেকের পানি ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৫০ জন সাঁতরে লেকের ওপারে যেতে সক্ষম হয়। আমরা ছিলাম খুবই আতঙ্কিত।’ তিনি আরও জানান, নিহতেরা বয়সে খুবই তরুণ। তাদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে হবে। নরওয়ে টেলিভিশন-২ জানায়, ডানপন্থী জঙ্গিবাদের সঙ্গে ওই বন্দুকধারীর সম্পর্ক রয়েছে।২০০৪ সালে মাদ্রিদে ট্রেনে বোমা হামলার পর পশ্চিম ইউরোপে এটি সবচেয়ে বড় হামলা। মাদ্রিদের ওই হামলায় ১৯১ জন নিহত হয়েছিল।ন্যাটোর সদস্য নরওয়েতে এর আগে কখনো এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। আফগান যুদ্ধে জড়িত হওয়ার পর দেশটি কখনো কখনো আল-কায়েদার হুমকির মুখে পড়ে। তবে গতকালের হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষই স্বীকার করেনি। রয়টার্স।