নরওয়ের বন্দুকধারীর অতীত ইতিহাসে পুলিশ বিভ্রান্ত
উটোইয়া দ্বীপে হামলা চালানো বন্দুকধারীর অতীত পরিচয় পর্যালোচনা করে বিভ্রান্তিতে পড়েছেন নরওয়ের পুলিশ। পুলিশের তদন্ত কর্মকর্তারা রাজধানী অসলোর সরকারি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও দ্বীপটিতে বন্দুকধারীর এ হামলা সম্পর্কে এখনো স্পষ্ট কিছু বলতে পারেনি।গতকাল শুক্রবার অসলোর সরকারি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও দ্বীপটিতে পুলিশবেশী এক বন্দুকধারীর গুলিতে মোট ৮৭ জন নিহত হয়েছে।নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরকে এবং নরওয়ের আরও কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই বন্দুকধারীর নাম অ্যান্ডারস বেহরিং ব্রেইভিক। তিনি ইন্টারনেটে ডানপন্থী ও মুসলিমবিরোধী মত প্রকাশ করেছিলেন।এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ বন্দুকধারীকে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করেছে। এখন তাকে অসলোর পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, ‘এটা অদ্ভুত ব্যাপার যে বন্দুকধারী আত্মহত্যা করেননি। সাধারণত এ ধরনের ঘটনায় বন্দুকধারীরা আত্মহত্যা করে থাকে।’ জাতীয় পুলিশের প্রধান সভইনুং স্পনহেইম রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে বলেন, ইন্টারনেটে ছাড়া পোস্টিং থেকে ধারণা করা হচ্ছে, অ্যান্ডারস বেহরিং ডানপন্থী ও মুসলিমবিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। পুলিশ ৩২ বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। তদন্ত কর্মকর্তা ধারণা করছে, বন্দুকধারীর সঙ্গে রাজধানীতে বোমা হামলার সম্পর্ক রয়েছে।নরওয়ের বার্তা সংস্থা এনটিবি জানায়, ব্রেইভিক বৈধভাবে কয়েকটি আগ্নেয়াস্ত্রের মালিক। সবজি উত্পাদনের জন্য তাঁর একটি কৃষি খামার রয়েছে। এ খামারের জন্য তিনি বিপুল পরিমাণ সার বৈধভাবে রাখতে পারেন। এ সার বোমা হামলার সম্ভাব্য উপদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে।তবে ব্রেইভিক নরওয়ের পরিচিত উগ্র ডানপন্থী কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, ছোটখাটো কিছু অপরাধ ছাড়া এই বন্দুকধারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের তথ্য নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘বন্দুকধারী ব্যক্তি আমাদের নজরদারিতেও ছিলেন না। তিনি যদি নব্য নািস গোষ্ঠীগুলোর সক্রিয় সদস্য হতেন, তাহলে আমাদের নজরদারিতে থাকতেন। তবে তিনি ওদের আদর্শে অনুপ্রাণিত হতে পারেন।’নব্য নািস গোষ্ঠীগুলো নব্বইয়ের দশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে সিরিজ হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা ঘটিয়েছিল। তবে এখন তাদের প্রভাব খুবই কম। ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন তাদের নেতৃত্বের অভাব রয়েছে। আর গোষ্ঠীগুলোর ওপর আমাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে।’ এপি।