নরপশুর থাবা থেকে রেহাই পেল না তিন বছরের মেয়েটিও
নরপশুর থাবা থেকে রেহাই পেল না দুই বছর নয় মাসের ছোট্ট মেয়েটাও। খালি বাড়িতে ধর্ষণের শিকার হলো মেয়েটি। ওই সময় মেয়েটির বাবা ছিলেন রাজধানীর কোনো এক সড়কে, রিকশা চালানোয় ব্যস্ত। মা ছিলেন পরের বাড়িতে ছুটা বুয়ার কাজে। আর এ সুযোগে পাশবিক ঘটনাটি ঘটে। রাজধানীর উত্তরখান থানাধীন আবদুল্লাহপুরের আটিপাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরের কোনো একসময় ঘটনাটি ঘটেছে। পরে মেয়েটির মা সন্ধ্যায় বাড়ি ফিরে পাড়া-প্রতিবেশীর সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মেয়েটি সেখানেই চিকিৎসাধীন। মেয়েটির মা জানান, গতকাল বেলা আড়াইটার দিকে তিনি ছুটা বুয়ার কাজ করতে যান। তাঁর স্বামী সকালেই রিকশা নিয়ে বেরিয়ে যান। মেয়েটিকে দেখার জন্য তাঁর পরিবারে আর কেউ নেই। নিরুপায় হয়ে তিনি মেয়েটিকে খালি বাড়িতে রেখে কাজে যেতেন নিয়মিত। অন্যদিনের মতো গতকালও তিনি একই কাজ করেন। কিন্তু বাড়ি ফিরে দেখেন মেয়ে তাঁর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তবে কে বা কারা কাজটি করেছে তিনি তা জানাতে পারেননি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন জানান, মেয়েটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। এখন সে মানুষ দেখলেই ভয়ে চিত্কার করে উঠছে। মা চোখের আড়াল হলেই ভয়ার্ত চোখে এদিক-সেদিক তাকিয়ে কান্না শুরু করছে।