নরসিংদী ও টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী ও টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচননকে কেন্দ্র করে সহিংসতায় আহত দুই ব্যক্তি গতকাল বুধবার মারা গেছেন। টাঙ্গাইল ও শ্রীপুরে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছে ১৭ জন। লালমনিরহাটে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আমাদের টাঙ্গাইল অফিস, নরসিংদী, লালমনিরহাট ও শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধির পাঠানো খবর:নরসিংদী: এলাকাবাসী সূত্র জানায়, নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরসাহেব মধ্যপাড়া গ্রামে গত সোমবার রাতে চেয়ারম্যান পদপ্রার্থী রতন মিয়া ও অহিদুল্লাহ ভূঁইয়ার পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রতন মিয়ার সমর্থক সোহেল মিয়া (১৮) গুরুতর আহত হন। তাঁকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকালে তিনি সেখানে মারা যান।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন খান জানান, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।টাঙ্গাইল: ভূঞাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, গত মঙ্গলবার ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেঘারপটল গ্রামে নবনির্বাচিত সদস্য কলম আলী ও সাবেক সদস্য শুকুর আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাঁদের মধ্যে মেঘারপটল গ্রামের সন্দেশ, চান মিঞা, দুলাল মিয়া, সোলাইমান শিকদার, আ. করিম, মো. মতিয়ার রহমান ও আবুল কালামকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্দেশ, চান মিঞা ও দুলাল মিয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার ভোরে সন্দেশ মারা যান।এ ব্যাপারে সন্দেশের খালাতো ভাই ছামাদ মিয়া ভূঞাপুর থানায় মামলা করেছেন। পুলিশ মামলার আসামি চান মাহমুদ, দুলু, সাকমান ও মর্জিনাকে গ্রেপ্তার করেছে।শ্রীপুর: প্রত্যক্ষদর্শীরা বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে শ্রীপুরের তেলিহাটী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল বাতেন সরকারের সমর্থকেরা অপর চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল জলিলের সমর্থক জহিরুল ইসলামের আবদার গ্রামের বাড়িতে হামলা চালায়। এতে সালমা জাহান ও হেলাল উদ্দিন আহত হন।আহত সালমা জাহান বলেন, আবদুল বাতেনসহ তাঁর সমর্থকেরা তাঁদের বাড়িতে হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ভাঙচুর করে।চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল বাতেন সরকার হামলার অভিযোগ অস্বীকার করেছেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম খোকনের সমর্থকদের হামলায় অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেনের ছেলে শুভ্র, কর্মী শওকত, মঞ্জু, মানিক, তারেক ও রহমান আহত হন।সূত্র জানায়, গত শুক্রবার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকদের হামলায় অপর চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রাজ্জাক বেপারীর সমর্থক সোহরাব ও তাঁর স্ত্রী রাজিয়া খাতুন আহত হয়েছেন।লালমনিরহাট: প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের মিলনবাজার এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাইয়ের সমর্থকেরা লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল ও ৪৭টি ফাঁকা গুলি ছোড়ে।মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলায় মদদ দেওয়ার দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাইকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাইয়ের চাচা হাতীবান্ধা উপজেলা বাসদ সভাপতি শওকত হোসেন আহম্মেদ বলেন, নয়টি ওয়ার্ডের মধ্যে আটটির ফলাফলে আবদুল হাই ১১৮ ভোটে এগিয়ে ছিলেন। কুলারডাবড়ি রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল প্রকাশ না করায় রাত সাড়ে আটটার দিকে আবদুল হাই তাঁর কিছু সমর্থক নিয়ে সেখানে যান। এ সময় বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী আবু হেনা মোস্তফা জামালের সমর্থকেরা আবদুল হাইয়ের মাথা ফাটিয়ে দেয়। এই খবর পেয়ে তাঁর সমর্থকেরা মিলনবাজারে মহাসড়ক অবরোধ করে। এ সময় আহত আবদুল হাইকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় অবরোধের কারণে তিনিও সেখানে থামতে বাধ্য হন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।এ ব্যাপারে আবু হেনা মোস্তফা জামাল বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি নির্বাচিত হয়েছি। আবু হেনার ওপর হামলার ঘটনায় আমি বা আমার কোনো সমর্থক জড়িত নয়।’