নরসিংদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নরসিংদী পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। নির্বাচনী তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারি পৌরসভাটিতে ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।এর ফলে ১৭ জানুয়ারি পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আবেদনকারীর পক্ষের আইনজীবী মো. সোহরাওয়ার্দী। এর আগে গত মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে নরসিংদী পৌরসভার নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত রাখার আদেশ দেন। ওই পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল মতিন সরকার অপর মেয়র প্রার্থী লোকমান হোসেনের নির্বাচনের অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন। রিটে জানা যায়, লোকমান হোসেন একটি মামলায় পলাতক আসামি। হলফনামায় এই তথ্য গোপন করা হয়েছে। অথচ নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা গ্রহণ করেছে। স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ অনুযায়ী তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। একই সঙ্গে লোকমান হোসেনের অবস্থান সম্পর্কে যে অভিযোগ এর বিরুদ্ধে তাঁর বক্তব্য থাকলে, তা সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।