নরসিংদী সরকারি কলেজের জিএসকে প্রকাশ্যে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেন ওরফে রনিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে ছাত্রদলের দুই কর্মীকে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে একদল সন্ত্রাসী কলেজের ছাত্র সংসদ ভবনে ঢুকে প্রকাশ্যে এ ঘটনা ঘটিয়ে বীরদর্পে চলে যায়।হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বুধবার নরসিংদী শহরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল। হরতালের সমর্থনে গতকাল রাত সাড়ে আটটার দিকে শহরে মিছিল করেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এদিকে কলেজ কর্তৃপক্ষ ১৯ মার্চ পর্যন্ত কলেজের পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।নিহত বিল্লালের পরিবারের সদস্যদের অভিযোগ, জেলা বিএনপির বিভক্ত রাজনীতির কারণে বিল্লাল খুন হয়েছেন। একই অভিযোগ করেছে জেলা বিএনপির এক পক্ষ।ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে আসেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বিল্লাল। চলে যান ছাত্রসংসদ ভবনের দোতলায় নিজ কার্যালয়ে। সকাল সাড়ে ১০টার দিকে কলেজে বহিরাগত কয়েকজন যুবককে দেখে বিচলিত হয়ে পড়েন বিল্লাল। বিষয়টি তিনি মুঠোফোনে অধ্যক্ষকে জানিয়ে কলেজে পুলিশ মোতায়েনের অনুরোধ জানান। কিছুক্ষণ পর ১৫-২০ জন সন্ত্রাসী ছাত্রসংসদ ভবনে ঢুকে নিচতলার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পরে তারা বিল্লালের কক্ষে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি করে। এ সময় কক্ষে থাকা ছাত্রদলের কর্মী মামুন মৃধা ও রাজু বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুলি করে এবং কুপিয়ে জখম করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল কক্ষ থেকে বের হয়ে বারান্দায় এসে চিৎকার করেন। সন্ত্রাসীরা তাঁকে টেনে কক্ষের ভেতরে নিয়ে কোপাতে থাকে। বিল্লাল আত্মরক্ষার জন্য ওই কার্যালয়ের টয়লেটে ঢুকে দরজা বন্ধ করার চেষ্টা করেন। সন্ত্রাসীরা তাঁকে টয়লেটে ফেলে আবার গুলি করে এবং কোপ দেয়। দুর্বৃত্তরা পরে ভবনের তালা খুলে নির্বিঘ্নে চলে যায়।সন্ত্রাসীরা চলে যাওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীরা টয়লেটে বিল্লালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা আহত মামুন ও রাজুকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা এসে পুরো কলেজ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।এদিকে হত্যাকাণ্ডের সময় নরসিংদী পুলিশ লাইনে চলছিল ঢাকা বিভাগীয় পুলিশ সমাবেশ। সেখানে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া ও ১৭ জন পুলিশ সুপার উপস্থিত ছিলেন। অন্যদিকে গতকাল বেলা ১১টার দিকে কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘সকালে বিল্লাল আমাকে ফোন করে বলে, স্যার, কলেজের পরিবেশ যেকোনো মুহূর্তে খারাপ হতে পারে। দ্রুত পুলিশ আনার ব্যবস্থা করেন। বিষয়টি আমি সদর মডেল থানার ওসিকে জানাই। কথা শেষ করার কিছুক্ষণ পর ছাত্রছাত্রীদের ছোটাছুটি শুরু হয়ে যায়। ঘটনাটি এত দ্রুত সময়ের মধ্যে ঘটে যে, কেউ কোনো কিছু বুঝে উঠতে পারেনি।’অধ্যক্ষ বলেন, বিল্লাল হত্যার ঘটনায় ১৯ মার্চ পর্যন্ত কলেজ এবং ছাত্রাবাস বন্ধ থাকবে। আজ বুধবার কলেজে শোক কর্মসূচি পালন করা হবে।বিল্লাল হোসেনের বড় ভাই আবুল ফজল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার ভাইকে খুন করা হয়েছে। আমরা এর বিচার চাই।’নরসিংদী সরকারি কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ বলেন, ১৭ হাজার শিক্ষার্থীর বিদ্যাপীঠের ছাত্রসংসদের ভেতরে ফেলে একজন ছাত্রনেতাকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে খুনের ঘটনা খুবই উদ্বেগজনক। আমার ধারণা, নিজ দলের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়ে বিল্লাল খুন হতে পারেন।’নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পূর্বশত্রুতা এবং রাজনৈতিক কারণে বিল্লালকে হত্যা করা হতে পারে। এর মধ্যে আমরা বেশ কয়েকজন খুনিকে শনাক্ত করতে পেরেছি। তাদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’চলছে শোকের মাতম: বিল্লালের বাড়ি নরসিংদী শহরের ব্রাহ্মন্দি খালপাড়ে। দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, পুরো বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে মা কিছু সময় পরপর অচেতন হয়ে পড়ছিলেন এবং কপাল চাপড়ে আহাজারি করছিলেন।বুকফাটা আর্তনাদ করে বাবা আবদুর রউফ রব্বানী বলেন, ‘আমার ছেলে অপরাজনীতির প্রতিহিংসার শিকার। রাজনৈতিক শত্রু ছাড়া আমার ছেলের আর কোনো শত্রু ছিল না। শত্রুরা যেকোনো মুহূর্তে আমার ছেলেকে সমস্যায় ফেলতে পারে—এমন আশঙ্কার কথা সে প্রায়ই বলত। কিন্তু এই কথা যে সত্য হয়ে যাবে, কে জানত।’বিএনপির এক পক্ষের সংবাদ সম্মেলন: বিল্লাল হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিনের পক্ষের নেতা নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী।শহরের ব্রাহ্মন্দিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঞ্জুর এলাহী বলেন, ‘গত বছরের ২৯ জুলাই অনুষ্ঠিত নরসিংদী সরকারি কলেজ ছাত্রসংসদে বিল্লাল বিপুল ভোটে জিএস নির্বাচিত হন। একচেটিয়া নেতৃত্বের দাবিদার বিএনপির একজন নেতার মনোনীত প্যানেলের ভরাডুবি ঘটে। এর পরই শুরু হয় ষড়যন্ত্র। আমাদের বিশ্বাস, দলীয় ও ভিন্নদলীয় একাধিক নেতার বহুমুখী ষড়যন্ত্রে বিল্লাল খুন হয়েছে।’সংবাদ সম্মেলন থেকে বিল্লাল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মেজবাহ উদ্দিনসহ দলীয় বেশ কয়েকজন নেতা।প্রতিপক্ষের অভিযোগের ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির প্রথম আলোকে বলেন, কলেজ ছাত্রসংসদে প্রকাশ্যে খুনের ঘটনা ঘটেছে। খুনি শনাক্ত হতে বেশি সময় লাগার কথা নয়। শনাক্ত হওয়ার পরই প্রমাণ হবে—এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত।খায়রুল কবির জানান, বিল্লাল হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁরা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। আজ হবে সকাল-সন্ধ্যা হরতাল। হরতাল পালনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।জানাজা ও দাফন: নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মাগরিবের পর নরসিংদী সরকারি কলেজ মাঠে বিল্লালের জানাজা হয়। এতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে বিল্লালকে দাফন করা হয়।