নরসিংদী সৈয়দপুর ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নরসিংদী, সৈয়দপুর ও যশোরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।নরসিংদী সংবাদদাতা জানিয়েছেন, আজ বিকেল তিনটার দিকে নরসিংদীর পলাশ উপজেলার বাগদী এলাকায় একটি কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক বাচ্চু মিয়া (৩৫) ও মুক্তার হোসেন (২৭) নামে দুজন নিহত হন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে জানান, নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানিয়েছেন, আজ দুপুরে সৈয়দপুর থেকে ডোমারগামী একটি বাস শহরের বাইপাস সড়কের কয়া গোলাহাট ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক সালাউদ্দিন (৬০) নিহত এবং রিকশার আরোহী সুলতান আহমেদ (৫০) গুরুতর আহত হন। সালাউদ্দিন সৈয়দপুর শহরের ঢেলাপীর মহল্লার বাসিন্দা বলে জানা গেছে। গুরুতর আহত সুলতান আহমেদকে সৈয়দপুর সরকারি ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই বেলা একটার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী বাইপাস সড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা পর পুলিশের মধ্যস্থতায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।যশোর অফিস জানিয়েছে, আজ দুপুরে যশোর-ঝিনাইদহ সড়কের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে ট্রাকের ধাক্কায় জয়নুল আবেদীন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার চূড়ামনকাটি গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।