জাহানারা বেগমের (৫০) আর্তনাদে কাল সকাল থেকেই নরসিংদী রেলস্টেশনের পরিবেশ ভারী হয়ে ওঠে। কখনো তিনি ছুটে যাচ্ছেন স্টেশনমাস্টারের কক্ষে, কখনো বা দুর্ঘটনাকবলিত বগিগুলোর কাছে। যাকেই পাচ্ছেন জড়িয়ে ধরে ছেলে ইউনুসের সন্ধান চাইছেন তিনি।জাহানারা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ছেলে ইউনুসকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে চট্টলা ট্রেনে তুলে দিয়েছিলেন। কিন্তু এখন তাকে আর পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর থেকে মুঠোফোন বন্ধ। তাঁর সন্দেহ, দুর্ঘটনায় মারা যাওয়ার পর ছেলের মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে।একই অভিযোগ নরসিংদীর সদর উপজেলার বাদুয়ারচর এলাকার দেলোয়ার হোসেনের (৩৫)। তিনি জানালেন, তাঁর শ্বশুর রায়পুরার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল কাদির মহানগর ট্রেনে করে ঢাকা থেকে নরসিংদী আসছিলেন। বুধবার বেলা সাড়ে তিনটায় শ্বশুরের সঙ্গে ফোনে তাঁর শেষ কথা হয়। এর পর থেকে কাদিরের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। একইভাবে ছেলে সজল মিয়ার (২২) খোঁজে প্ল্যাটফর্মে আহাজারি করছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের আবদুস ছাত্তার (৪৫)।স্বজন হারানো অনেকের ধারণা, জেলা প্রশাসন মৃতের সংখ্যা ১০ বললেও বাস্তবে তা বেশি। লাশ গায়েবের অভিযোগ করেছেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নিশ্চিত, মৃতের সংখ্যা সরকারি কর্মকর্তাদের ভাষ্যের চেয়ে কয়েক গুণ বেশি হবে। কৌশলগত কারণে সংখ্যা নিয়ে সরকারি পর্যায় থেকে লুকোচুরি করা হচ্ছে।’গতকাল সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়। দুপুর পর্যন্ত ধীরগতিতে উদ্ধারকাজ চলে। তবে বিকেল থেকে বৃষ্টি কমে এলে কাজে গতি আসে। রেলওয়ে কর্মকর্তাদের ধারণা, রাত আটটার মধ্যে উদ্ধারকাজ শেষ হবে এবং ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দলের সদস্যরা এখন নরসিংদী স্টেশন এলাকায় অবস্থান করে তদন্তকাজ চালিয়ে যাচ্ছেন।রেলওয়ের তদন্ত কমিটির প্রধান ঢাকা বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিযোগাযোগ) বেনু রঞ্জন সরকার বলেন, ‘তদন্ত এগিয়ে চলেছে। আমরা অনেকটা নিশ্চিত হয়েছি, মূলত চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল অমান্য করে প্ল্যাটফর্ম অতিক্রম করায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে এর সঙ্গে আর কোনো কারণ ছিল কি না, বিশেষ করে নাশকতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। উভয় ট্রেনের চালকেরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।তদন্ত কমিটির আহ্বায়ক ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুটি ট্রেনের ইঞ্জিন, চট্টলা ট্রেনের তিনটি বগি ও আন্তনগর মহানগর গোধূলি ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত করে ইঞ্জিন দুটিকে ব্যবহারের উপযোগী করার সম্ভাবনা থাকলেও বগি চারটি আর ব্যবহার করা যাবে না। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ অন্তত ১০ কোটি টাকা হবে।চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকেও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। নরসিংদীর জেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী আহসানকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।নিহতদের পরিচয়: নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: ট্রেনচালক জহিরুল হক, রেলওয়ের নিরাপত্তাকর্মী মফিজুল ইসলাম (৩০), নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর গ্রামের হাফিজ উদ্দিন (৫০), ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ফরিদ সরকার (৩৫), ভৈরবের জগন্নাথপুরের ইব্রাহিম মিয়ার ছেলে রাজীব (৪০), ফেনী উপজেলা সদরের দাগনভূঞা গ্রামের মামুন মিয়ার ছেলে সাফায়েত হোসেন (১৫), রেলওয়ের নিরাপত্তাকর্মী সফিকুর রহমান (৩৫), অজ্ঞাতনামা মহিলা (৪০)। এ ছাড়া অজ্ঞাতনামা পুরুষ (৪৫) ও অজ্ঞাতনামা বালক (১২)।আহত একজনের মৃত্যু: ট্রেন দুর্ঘটনায় আহত সূর্য বানু (৫৫) নামের এক নারী গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল ভোর পাঁটায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গতকাল দুপুরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তাঁর মৃত্যুর প্রমাণপত্রে ‘রেল অ্যাকসিডেন্ট’ লেখা ছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সূর্য বানু নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তাঁর লাশ মর্গে পড়ে আছে। তবে তাঁকে শনাক্ত করতে কেউ মর্গে আসেনি।হাসপাতালের চিত্র: দুপুর ১২টার দিকে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত ট্রেনচালক জহিরুল হকের স্ত্রী সাফিয়া বেগম বুক চাপড়ে আহাজারি করছেন। তিনি বলেন, ‘আমার স্বামী মুক্তিযোদ্ধা আছিল। এই মাসে তাইনে দেশ স্বাধীন করছিল। এই মাসে আমরারে পরের হাতে রাইখা চইল্লা গেল।’ ওই হাসপাতালে চিকিৎসাধীন তিন সহোদর রাজু মিয়া (১৪), সোহেল (১২) ও আবু সায়িদ (১৫) জানায়, তাদের বাড়ি চট্টগ্রামে। ট্রেনে পত্রিকা বিক্রি করত তারা। বুধবার চট্টলা ট্রেনে পত্রিকা বিক্রি করতে উঠেছিল তারা। বিকট শব্দ পেয়ে তারা তিন ভাই একসঙ্গে জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়ে যায়। এরপর আর কিছু বলতে পারে না।জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ নার্স মো. কামাল হোসেন বলেন, সদর হাসপাতালে আটজন চিকিৎসাধীন। জেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহত ২৭ জন এ হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ঢাকার পঙ্গু হাসপাতালে আটজনকে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারজনকে পাঠানো হয়।স্টেশনে আটকেপড়া যাত্রীর ভোগান্তি: দুর্ঘটনাকবলিত ট্রেনের কয়েক শ যাত্রী নরসিংদী স্টেশনে আটকা পড়েছে। বিশেষ করে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর ট্রেনের শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েছে। সিরাজ উদ্দিন (৪০) নামের এক যাত্রী জানান, দুর্ঘটনায় তিনি আহত না হলেও বড় সমস্যায় আছেন। পরিবারের তিন সদস্য নিয়ে তাঁকে স্টেশনেই রাত কাটাতে হচ্ছে। কারণ, নরসিংদী থেকে চট্টগ্রামে যাওয়ার সরাসরি কোনো বাস না থাকায় তিনি যেতে পারেননি। রাতে হোটেলে গিয়েও কোনো কক্ষ খালি পাননি। কারণ, প্রশাসন ও গণমাধ্যমের কর্মীদের চাপে শহরের সব হোটেল ছিল পরিপূর্ণ।স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ: দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালীসহ পূর্বাঞ্চলীয় জোনে ভেঙে পড়া রেল যোগাযোগ গতকাল সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে নরসিংদীর সহকারী স্টেশনমাস্টার এ টি এম মুসা জানান, দুর্ঘটনার সাড়ে চার ঘণ্টা পর বিকল্প ব্যবস্থায় রেল যোগাযোগ শুরু করা হয়। রাতেই দুটি ট্রেনের কিছু বগি বিচ্ছিন্ন করে ২ ও ৩ নম্বর লাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এর পর থেকে উদ্ধারকাজ কিছু সময়ের জন্য বন্ধ রেখে ট্রেন পারাপার করা হচ্ছে। তবে প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌঁছায়। একই কারণে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।যাত্রা বাতিল হওয়া ট্রেন তিনটি হলো চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেক্স এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন।