নরসিংদীতে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে মো. দুলাল মিয়া (৩৫) নামের আওয়ামী লীগের একজন নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের দক্ষিণ কারারচর গ্রামে একটি হাসপাতালের মাঠে এ ঘটনা ঘটে। দুলাল মিয়া পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দক্ষিণ কারারচর গ্রামের সমীর উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজনের ভাষ্যমতে, দক্ষিণ কারারচর গ্রামের দুলাল মিয়া, খোরশেদ আলম, বায়েজিদ মিয়া, ইকবাল মিয়া ও কালাম মিয়া প্রায়ই বন্ধ থাকা মো. তোফাজ্জল হোসেন হাসপাতাল মাঠে আড্ডা দিতেন। অন্যান্য দিনের মতো গতকাল রাত নয়টার দিকে তাঁরা ওই মাঠে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে প্রথমে মুখোশধারী দুইজন লোক অতর্কিতে সেখানে গিয়ে দুলালের ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে তারা দুলালের মাথা জখম করে। পরে আরও চারজন ফাঁকা গুলি ছোড়ে আতংক সৃষ্টি করে। এসময় দুলালের সঙ্গে থাকা লোকজন ছুটে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন দুলালকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দুইটার দিকে দুলালের মৃত্যু হয়। রাতেই স্থানীয় সাংসদ জহিরুল হক ভূইয়া হাসপাতালে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে শিবপুর থানার পুলিশকে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।প্রত্যক্ষদর্শী মো. খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার ঘুম ঘুম পাচ্ছিল। হঠাত্ দুই জন লোক আইসাই দুলালের মাথায় চাইনিজ কুড়াল দিয়া একটা কোপ দিল। আরেকজন কইল ওরে গুলি কর। এর পর সাথে সাথেই আরও চারজন আইসা ফাঁকা গুলি ছুড়লে আমরা দৌড়ে একেকজন একেক দিকে চলে আসি। তাদের হাতেও চাপাতি ছিল। পরে লোকজন নিয়া গিয়া দেখি দুলালের মাথায়, বুকে, ,পঠে চাপাতি ও কুড়ালের কোপ। পরে তারে উদ্ধার কইরা প্রথম নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা লইয়া গেছে।’ নিহতের ছোট ভাই লুত্ফর রহমান বলেন, ‘আমার বড় ভাই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করেন। সেখানে মাত্র কয়েক ভোটে বিএনপি সমর্থিত প্রার্থী ছামির উদ্দিনের কাছে পরাজিত হন। কিন্তু এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল বেশি। রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত তাঁকে খুন করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে ভাই আমাদের কাছে কয়েকজনের নাম বলে গেছেন। মামলার এজাহারে আমরা তাদের নাম উল্লেখ করব। তাই এখন কিছুই বলতে পারব না।’ঘটনাস্থলে নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামসুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুলাল আমাদের দলের একজন দক্ষ কর্মী ছিলেন। এলাকায় সামাজিকভাবে তার ভাল একটি অবস্থান তৈরী হওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষরা এধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি।’ নিহতের স্ত্রী রেনু বেগম বলেন, ‘আমার স্বামীরে কেডা মারছে আমি কিছুই কইতে পারি না। যারা আমার স্বামীরে মারছে, আমি হেগর ফাঁসি চাই। আমি আর কিছু কইতে পারি না।’শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.নূরুল ইসলাম শেখ প্রথম আলো ডটকমকে বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।