নরসিংদীতে আ.লীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
নরসিংদীতে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম মো. শাজাহান মিয়া (৫২)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পুরানপাড়া এলাকায় হত্যার এ ঘটনা ঘটে।শাজাহান মিয়ার বাড়ি শহরের বীরপুর এলাকায়। তিনি নরসিংদী পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার ছিলেন।শাজাহানের পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে খুন করা হয়েছে। ঘটনার সময় সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে হারুন অর রশিদ মিয়া নামের এক ব্যক্তি আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে খলিলুর রহমান ভূঁইয়া ওরফে খলিল মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাজাহান মিয়া সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হন। পরে প্রতিবেশী হারুন অর রশিদকে নিয়ে বাড়ির পাশে মোস্তফা মিয়ার মুদির দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় শহরের পুরানপাড়া এলাকার নুরুজ্জামান ও খলিলুর রহমান দোকানে আসেন। কিছুক্ষণ পরই তাঁরা চলে যান। মোস্তফা মিয়ার ছেলে সজীব মিয়া এ সময় দোকানে বসা ছিলেন। নুরুজ্জামান ও খলিল চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই একই এলাকার আরিফ মিয়া ও কাউসার মিয়া দোকানে আসেন। তাঁরা আসামাত্রই দোকানি সজীব মিয়া বাতি বন্ধ করে দেন। এর পরই শাজাহান মিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে আরিফ কিল-ঘুষি মারতে থাকেন। কাউসার মিয়া লম্বা পাইপ দিয়ে হারুন অর রশিদকে আঘাত করলে তিনি দৌড়ে পার্শ্ববর্তী সোলেমান মিয়ার গোয়ালঘরে আশ্রয় নেন। কিছু সময় পর লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে হারুন অর রশিদ দেখেন দোকান বন্ধ আর দোকানের সামনে শাজাহান মিয়ার লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ রাত সোয়া আটটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুরানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খলিলুর রহমান ভূঁইয়াকে আটক করে পুলিশ।হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি আর শাজাহান কাকা মোস্তফার দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় নুরুজ্জামান ও খলিল দোকানে আসে। সাথে সাথেই তারা চলেও যায়। এর কয়েক মিনিটের মধ্যেই কাউসার ও আরিফ দোকানে আসে। তারা আসার সাথে সাথে দোকানদার সজীব বাতি বন্ধ করে দেয়। এর মধ্যেই আরিফ প্রথমে শাজাহান কাকাকে কিল-ঘুষি মারতে শুরু করে, আর কাউসার আমাকে ঘুষি মারে। পরে আমি দৌড় দিই আর কাকা মাটিতে পড়ে যান। পরে অনেক জোরে একটি শব্দ পাইছি। কিছুক্ষণের মধ্যে আশেপাশের লোকজন নিয়ে এসে দেখি কাকার মাথায় ধারালো অস্ত্রের কোপ আর কোমরে গুলি লেগেছে।’নিহতের মা আয়েশা বেগম, বড় বোন সাহিদা আক্তার ও ছোট বোন মাহমুদা আক্তার জানান, দীর্ঘদিন ধরে এলাকার ভূমিদস্যু খলিলুর রহমান ভূঁইয়ার সঙ্গে নিহত শাজাহান মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি শাজাহান মিয়া পুরানপাড়া এলাকায় একটি বাড়ি কেনেন। এই বাড়ি কেনার সময় স্থানীয় দুর্বৃত্ত আরিফ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাজাহান মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেয় আরিফ। আরিফ, সজীব ও কাউসার মিয়া ভূমিদস্যু খলিলের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গুলি করে ও কুপিয়ে শাজাহান মিয়াকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন-চারজন দুর্বৃত্ত এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। প্রত্যক্ষদর্শী একজন তাদের চিহ্নিত করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে খলিলুর রহমান ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।