নরসিংদীতে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের গনেরগাঁও এলাকায় মো. আবদুল হান্নান (৬৫) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত হান্নান সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি স্থানীয় শেখেরচর গ্রামের সুন্দর আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে সাতটার দিকে হান্নান স্থানীয় আবদুল্লাহ বাজার শেখেরচরে বাড়ি ফিরছিলেন। গনেরগাঁও এলাকার একাবর মেম্বারের বাড়ির পাশে পুকুরপাড়ের সড়কে দুর্বৃত্তরা তাঁকে জবাই করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। নিহতের চাচাতো ভাই ও শিলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাকীর প্রথম আলো ডটকমকে বলেন, ‘কী কারণে, কারা হত্যা করেছে তা এখনো আমরা বলতে পারছি না। বর্তমানে তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি নরসিংদীর পাইকারি কাপড়ের হাট শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সাবেক সভাপতি।’নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশের সুরতহালের তথ্য অনুযায়ী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।