নরসিংদীর পলাশ উপজেলার মকবুল হোসেন চাঞ্চল্যকর হত্যা মামলায় একজনকে ফাঁসি ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাশেম আদালতে আসামিদের উপস্থিতে এ রায় দেন।মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মো. আমজাদ হোসেন ওরফে টিংকু। উপজেলার পূর্ব পলাশ গ্রামের জামাল হোসেনের ছেলে। একই সঙ্গে আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন।যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন পলাশ উপজেলার দড়িহাওলা পাড়ার মোহাম্মদ আলী ওরফে বিল্লাল, ভাগ্যের পাড়া এলাকার বিল্লাল হোসেন, মো. লুত্ফর, মালিতা গ্রামের মো.কাউছার মিয়া, সদর উপজেলার পশ্চিম ভেলা নগর এলাকার মো. কাজল মিয়া, মো. মনির হোসেন, দগরিয়া এলাকার মো. জাহিদ হোসেন ও মনোহরদী উপজেলার চুলা গ্রামের মো.দেলোয়ার হোসেন। এর মধ্যে মো. লুত্ফর, মো. কাউছার ও মো. দেলোয়ার পলাতক রয়েছেন।মামলায় সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০০১ সালের ১২ অক্টোবর সকালে পলাশ উপজেলার মকবুল হোসেনকে নিজ বাড়ি থেকে নিয়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধু টিংকুসহ আট-নয়জন নরসিংদীর উদ্দেশে রওনা দেন। এর পর থেকে মকবুল আর বাড়িতে ফিরে আসেননি।মকবুলের বাবা আবদুস ছাত্তার খন্দকার ছেলের কথা টিংকুর কাছে জানতে চাইলে মকবুল চট্টগ্রামে গিয়েছেন বলে জানান। কিন্তু এর ১৩ দিন পর অপরিচিত এক ব্যক্তি মকবুলের বাড়িতে গিয়ে জানান, টিংকু ও তাঁর সহযোগীরা মকবুলকে নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কারাচর মোহাম্মদ আলীর মেহগনির কাঠ বাগানে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন। বেওয়ারিশ হিসেবে মকবুলের লাশ নরসিংদীর আঞ্জুমান গোরস্থানে দাফন করা হয়।খবর পেয়ে মকবুলের বাবা নরসিংদী থানায় গিয়ে ছবি দেখে মকবুলকে শনাক্ত করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ২০০১ সালে ২৬ অক্টোবরে গোরস্থান থেকে মকবুলের লাশ উত্তোলন করে পারিবারিক গোরস্থানে পুনরায় দাফন করা হয়। ২০০১ সালের ৩০ অক্টোবরে মকবুলের বাবা বাদী হয়ে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বহু সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।বাদী পক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহবুব আলম ভূইঁয়া নাদিম এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন এম এন এ অলিউল্লাহ ও আরমান হোসেন নাজির।