নরসিংদীতে এসএসসির পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থীরা একটি কেন্দ্র ও পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। এতে পরীক্ষার ১৫টি উত্তরপত্র খোয়া গেছে। আহত হয়েছে শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ১০ জন। আজ রোববার বেলা দেড়টার দিকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোয়া একটার দিকে কিছু পরীক্ষার্থী কেন্দ্রে জড়ো হয়ে উচ্ছৃঙ্খলতা শুরু করে। তারা বিভিন্ন শ্রেণীকক্ষে প্রবেশ করে দরজা, জানালা ও বেঞ্চ ভাঙচুর করে। ওই সময় তাদের সঙ্গে অন্যান্য পরীক্ষার্থীরাও যোগ দেয়। আতঙ্কিত শিক্ষকেরা বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে জড়ো হলে সেখানেও পরীক্ষার্থীরা হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গেও পরীক্ষার্থীদের সংঘর্ষ হয়। ওই সময় পরীক্ষার্থীরা পুলিশের একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে। পুলিশ পাল্টা ধাওয়া দিলে পরীক্ষার্থী, অভিভাবকসহ কমপক্ষে ১০ জন আহত হয়।পরীক্ষার্থী মাহবুবুর রহমান সাংবাদিকদের জানায়, ‘পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছু পরে খাতা দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই খাতা নিয়ে নেওয়া হয়। এ ছাড়া কেন্দ্রসচিব গৌতম মিত্র পরীক্ষা কক্ষে ঢুকে আমাদের বিরক্ত করেন।’কেন্দ্রসচিব ও নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মিত্র বলেন, পরীক্ষার্থীদের দেখাদেখি করে লেখাসহ অবৈধ সুযোগ-সুবিধা না দেওয়ায় তারা এই ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভেনিসা রডিক্স বলেন, ‘প্রাথমিক তদন্তে আমার কাছে মনে হয়েছে, পরীক্ষার খাতা সঠিক সময়েই দেওয়া হয়েছে। তবে খাতা পাঁচ মিনিট আগে নেওয়া হতে পারে।’ নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শিক্ষার্থীদের হামলায় আমাদের একটি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।’এদিকে কেন্দ্র ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা নিরাপত্তা নিশ্চিত করা না হলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে কাল সোমবার সকালে জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেছেন।ঘটনার তদন্তে জেলা প্রশাসক তাত্ক্ষণিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী আহসানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।