নরসিংদীতে ককটেল বিস্ফোরণ, পিকআপ ভ্যানে আগুন
নরসিংদীতে ১৮-দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে আজ মঙ্গলবার সকালে রেলস্টেশনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতালের সমর্থকেরা। শহরের বৌয়াকুড় এলাকায় তারা একটি বিক্ষোভ মিছিলও করে। গতকাল সোমবার গভীর রাতে শহরের আরশিনগর এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত একটার দিকে শহরের আরশিনগর এলাকায় একটি মোটরসাইকেলে করে তিনজন পিকেটার গিয়ে ওই পিকআপ ভ্যানে আগুন দেয়। এতে ভ্যানটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। এদিকে, আজ সকাল পৌনে আটটার দিকে নরসিংদী রেলস্টেশনের প্ল্যাটফর্মের ২০ গজ দূরে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। সকাল সাড়ে নয়টার দিকে শহরের বৌয়াকুড় গোলচত্বর থেকে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হেমেন্দ্র সাহার মোড়, নরসিংদী বাজার ও রেলস্টেশন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।নরসিংদী রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।