নরসিংদীতে কামরুজ্জামান জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামানকে। ৩১টি কেন্দ্রে মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান ৩৫ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজ উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৩ হাজার ৮১৩। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এই বেসরকারি ফলাফল জানা গেছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কারণে দ্রুত ভোট গ্রহণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ সারা দিনে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে নরসিংদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মেয়র পদপ্রার্থী মন্তাজ উদ্দিন ভূঁইয়ার প্রতীক ও ছবি-সংবলিত ভোট স্লিপ বিতরণকালে তাঁদের বাধা দেন নির্বাচন কর্মকর্তারা।সকালে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছুটা উত্তেজনা দেখা দেয়। কেন্দ্রে দীপক কুমার সাহা নামের এক ব্যক্তি মেয়র প্রার্থী কামরুজ্জামানের পক্ষে ভোটারদের হাতে স্লিপ দিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে মন্তাজের সমর্থকেরা তাঁকে র‌্যাবের কাছে সোপর্দ করে। মন্তাজের সমর্থকেরা দাবি করেন দীপক চিহ্নিত সন্ত্রাসী। তবে র্যাব দীপককে নিরাপদে বের করে দিলে কিছুক্ষণ পরেই তিনি স্থানীয় সাংসদ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে কেন্দ্রে ফিরে আসেন। এ সময় তাঁর সঙ্গে শতাধিক সমর্থক ছিল। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল কেন্দ্রে প্রার্থীদের প্রভাব বিস্তারের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন। এদিকে বেলা একটার দিকে সদরের মধ্যকান্দাপাড়া থেকে ভোট দিতে যাওয়ার পথে বাপ্পী সাহা, রাজু সাহা ও রায়হান আহমেদ নামের তিন ব্যক্তি মন্তাজ উদ্দিনের সমর্থকদের হাতে প্রহূত হওয়ার দাবি করেছেন। পরে ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন র‌্যাবের সহায়তায় তাঁদের বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেন। উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন ছয়জন। তাঁদের মধ্যে প্রধান দুই প্রার্থী হলেন নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান এবং শহর আওয়ামী লীগের সভাপতি মন্তাজ উদ্দিন ভূঁইয়া। কামরুজ্জামান হলেন লোকমান হত্যা মামলার বাদী আর মন্তাজ উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত আসামি। মন্তাজ জামিনে মুক্তি পেয়ে প্রার্থী হয়েছেন।নির্বাচনে মেয়র পদে অপর চার প্রার্থী হলেন: আমজাদ হোসেন ভূঁইয়া, আফজাল হোসেন, আরিফুল ইসলাম ও মোছাব্বের আহমেদ। তাঁদের মধ্যে মোছাব্বের আহমেদ গত মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন গত ১ নভেম্বর খুন হওয়ায় এখানকার মেয়রের পদটি শূন্য হয়।পুলিশ সুপারের দপ্তর থেকে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ৬১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে র্যাবের ছিলেন ২৫০, পুলিশের ৮৩৮, ব্যাটালিয়ন আনসারের ৯৩ ও গ্রাম পুলিশের ৪৩৪ জন সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮ জন করে সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া পুলিশের ১৭টি ভ্রাম্যমাণ দল, চারটি স্ট্রাইকিং ফোর্স, ছয়টি মোটরসাইকেল দল এবং চারটি সার্বক্ষণিক প্রস্তুত থাকা দল কাজ করে। র্যাবের নয়টি ভ্রাম্যমাণ দল ও ছয়টি স্ট্রাইকিং ফোর্স কাজ করে এই নির্বাচনে। নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য ১৬ জন নির্বাহী হাকিম ও একজন বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছিল।