নরসিংদীতে গণডাকাতি: মাছ ব্যবসায়ী নিহত
নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়ায় গতকাল রোববার রাতে এক গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে আবদুল জব্বার (৪৫) নামের একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। তাঁরা হলেন মনোহরদীর বড় চাপা গ্রামের ইদ্রিস আলী (৩৫), চরমান্দালিয়ার হাদিউল মিয়া (৩৫), পাইকান গ্রামের হুমায়ুন কবির ও বীরনুয়াকান্দি গ্রামের আল-আমিন (১৯) ।পুলিশ ও এলাকাবাসী জানায়, আট থেকে নয়জন পথচারীর কাছ থেকে ডাকাতেরা সর্বস্ব লুট করে নির্জন এলাকায় গাছের সঙ্গে বেঁধে রাখে। ডাকাতির সময় একটি গাড়ি যেতে দেখে আবদুল জব্বার ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার শুরু করে। এতে ডাকাতেরা ক্ষুব্ধ হয়ে তাঁকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। চিত্কার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, গণডাকাতির ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।