নরসিংদীতে গণপিটুনিতে নিহত ২, আটক ৪
নরসিংদীতে ডাকাতি ও ছিনতাইয়ের পৃথক ঘটনায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলার শিবপুর উপজেলার বুরবুরিয়া গ্রামে এবং সাড়ে আটটার দিকে সদর উপজেলার বাদুয়ারচর গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে। নিহতেরা হলেন—শিবপুর উপজেলার বীরপুর এলাকার সুমন মিয়া (১৮) এবং সদর উপজেলার আমিরাবাদ এলাকার শামসু মিয়ার ছেলে আমির হোসেন (২০)।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, রাত আটটার দিকে শিবপুরের বীরপুর এলাকায় তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে অটোরিকশার চালককে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও অটোরিকশাটি লুটে নেয়। এ সময় চালকের চিত্কারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করে গণপিটুনি দিলে তিন ছিনতাইকারী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত ১২টার দিকে সুমন মিয়ার মৃত্যু হয়।নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম আহমেদ বলেন, রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার বাদুয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী পাঁচ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আমির হোসেন (২০) নামের এক ডাকাতের মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চর দীঘলদী এলাকার আহাম্মদ আলী (২৫), হাসনাবাদ এলাকার জয় দীপ (১৮), বীরপুর এলাকার মিদুল হোসেন (১৬) এবং পাড়াতলী এলাকার আজিজ মিয়া (২০)।