নরসিংদীতে গণপিটুনিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলায় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের এই পিটুনি দেওয়া হয়। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাদুয়ারচর পূর্ব কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামের জলিল মিয়া (৩০), একই উপজেলার খোলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২৮) ও শিবপুর উপজেলার সাধারচর গ্রামের নূরা মিয়া (২৬)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত তিনটার দিকে ১০-১২ জনের ডাকাতের একটি দল সদর উপজেলার বাদুয়ারচর পূর্ব কান্দাপাড়া গ্রামের আবদুর রশিদ খানের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতির পর নৌকায় করে পালানোর সময় আবদুর রশিদ খানের ছেলে শরীফ খান গ্রামবাসীকে নিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। তাঁরা তিনজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ডাকাতি শেষে পালানোর সময় উত্তেজিত জনতা তিন ডাকাতকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় গৃহকর্তা আবদুর রশীদ খান বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে ওসি জানান।