নরসিংদীতে গুলি করে সাংবাদিক হত্যা
নরসিংদীতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁর নাম তালহাদ আহামেদ ওরফে কাবিদ ওরফে জয় (২৮)। কাবিদ স্থানীয় দৈনিক ‘নরসিংদীর বাণী’র পৌর প্রতিনিধি।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নরসিংদী পৌর এলাকার শালিধায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় নরসিংদীর সব সাংবাদিক ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।নরসিংদী সদর হাসপাতালে আসা কাবিদের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নরসিংদীর শালিধা এলাকার মৃত সামসুল হুদা ভূঁইয়ার ছেলে তালহাদ আহমেদ ওরফে কাবিদ। তিনি দৈনিক ‘নরসিংদীর বাণী’র পৌর প্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি শালিধা ঈদগাহ মাঠসংলগ্ন সিটি ইন্টারন্যাশনাল নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। বিকেলে তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে হঠাত্ বিদ্যুত্ চলে যায়। এর পাঁচ মিনিটের মধ্যেই সিএনজিচালিত একটি অটোরিকশা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসে থামে। এর সঙ্গে সঙ্গে অজ্ঞাত তিনজন মুখোশধারী সন্ত্রাসী কাবিদকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ কাবিদ মেঝেতে লুটিয়ে পড়েন। গুলির আওয়াজ শুনে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কাবিদের পরিবারের লোকজনসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা।নরসিংদী জেলা হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক মনির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘কাবিদের বুকের বাম দিকে একটি গুলি ও বাঁ হাতের কনুইর ওপরে আরেকটি গুলি লেগেছে।’হাসপাতালের সামনে কাবিদের বড় ভাই মাসুদুল হক ভূঁইয়া কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলো ডটকমকে বলেন, আমার ভাইকে কারা, কেন মারল কিছুই বুঝতে পারছি না।‘নরসিংদীর বাণী’র সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, সাংবাদিক হিসেবে কাবিদ খুব ভালো নাম করেছিল। ইতিমধ্যে অনেক প্রভাবশালী লোকের বিরুদ্ধে সে সংবাদ প্রকাশ করেছে। এখন কী কারণে তাঁকে হত্যা করা হলো পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মুখোশধারী সন্ত্রাসীরা সাংবাদিক কাবিদকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।