নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের কর্মীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় নাজমুল হোসেন নামের গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে গতকাল মঙ্গলবার রাতে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার নোয়াদিয়া শাখায় গ্রামীণ ব্যাংকের জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ আজ বুধবার সকালে তাঁর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল হোসেনের বাড়ি জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মাধবদী গ্রামে। তিনি শিবপুরে স্থানীয় সোনাকোড়া সিঅ্যান্ডবি বাজারের কাছে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন নাজমুল হোসেনকে ডেকে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বাড়ির গেটে তালা লাগিয়ে দিয়ে যায়। এরপর নাজমুল আর বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে ১০০ গজ দূরে নির্জন এলাকায় একজনের পোড়া লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি নাজমুলের বলে শনাক্ত করা হয়।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের পাশে দেশলাইয়ের একটি বকস ও কেরোসিন তেলের পাত্র পাওয়া গেছে। তবে কারা কী কারণে তাঁকে পুড়িয়ে হত্যা করেছে তিনি তা জানাতে পারেননি। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।