নরসিংদীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে চাঁদা না পেয়ে আবদুল কাদির (৫০) নামের এক আবাসিক হোটেল ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলি ও একটি বিদেশি রিভলবারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নরসিংদী বড়বাজার গেঞ্জিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কাদির বড়বাজার গেঞ্জিপট্টির তানিম আবাসিক হোটেলের মালিক। আটক ব্যক্তিরা হলো: সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকার আবুল কাশেমের ছেলে রাসেল মিয়া (২২), হাজিপুর এলাকার মন্টু সূত্রধরের ছেলে তুষার সূত্রধর (১৬) ও শহরের রাঙ্গামাটিয়া এলাকার স্বপন সাহার ছেলে শান্ত সাহা (১৫)। এদের মধ্যে তুষার ও শান্ত স্থানীয় কেয়া ডিজিটাল মিডিয়া সেন্টারে কাজ করে বলে ওই দোকানের মালিক ইউসুফ মিয়া নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে রাসেল হোটেল মালিক আবদুল কাদিরের কক্ষে ঢুকে তিন হাজার টাকা চাঁদা চান। তুষার ও শান্ত হোটেলের নিচে অবস্থান করছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় কাদিরের বাঁ পায়ের ঊরুতে গুলি করেন রাসেল। এ সময় কাদিরের চিত্কারে হোটেলের কর্মচারীরা ছুটে এসে রাসেলসহ তুষার ও শান্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আহত কাদিরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক রোজি সরকার বলেন, কাদিরের বাঁ পায়ের ঊরুতে গুলি লেগেছে। তিনি এখন সুস্থ আছেন।এ ঘটনায় তুষার ও শান্ত নিজেদের নির্দোষ দাবি করে জানায়, তারা দুজনে ঝালমুড়ি খেতে হোটেলের কাছে গিয়েছিল। পরে শব্দ শুনে দৌড় দেয়। তখন লোকজন তাদের ধরে পুলিশে দেয়। নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ মিয়া বলেন, আটক ব্যক্তিদের মধ্যে রাসেল দত্তপাড়া এলাকার সন্ত্রাসী বুলেট গ্রুপের সদস্য। তিনি দত্তপাড়া এলাকার রাকিব হত্যাকাণ্ডের অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি। অস্ত্র আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।