নরসিংদীতে চেয়ারম্যান প্রার্থীকে ১৫ দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ওই পদপ্রার্থীর নাম মাঈনুল ইসলাম ভূঁইয়া। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মাঈনুল ইসলাম ভূঁইয়া নরসিংদীর পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এই নির্বাচনেও তিনি চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন আবুল হাসেম। বালাপুর গ্রামে আজ আবুল হাসেম তাঁর লোকজন নিয়ে প্রচার চালাতে যান। এ সময় তাঁর লোকজন আবুল হাসেমের লোকজনের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পুলিশ মাঈনুল ইসলাম ভূঁইয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান আদালত পরিচালনা করেন।