নরসিংদীতে ছাত্রলীগ নেতাকে গুলি, বিদ্ধ হলেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক মফিজুর রহমানের স্ত্রী পাপিয়া চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। মফিজুরের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বাসাইল এলাকায় তাঁদের ভাড়া বাসার সামনে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর স্ত্রীর শরীরে বিদ্ধ হয়।মফিজুর প্রথম আলোকে বলেন, ‘বেলা পৌনে তিনটার দিকে আমি ও আমার স্ত্রী পাপিয়া বাসাইল মহল্লায় আমাদের ভাড়া বাসা থেকে বের হই। আমি বাসার প্রধান ফটকে তালা লাগাচ্ছিলাম। হঠাৎ পাপিয়া আমাকে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে দুটি গুলির শব্দ শুনি। একটি গুলি পাপিয়ার পেটে বিদ্ধ হয়। ফিরে দেখি অন্তত সাতজন দুর্বৃত্ত দৌড়ে পালাচ্ছে। আমি তাদের ধাওয়া দিয়ে ফিরে আসি।’ তিনি আরও বলেন, ‘আমার কোনো শত্রু নেই। দু-তিন দিন ধরে ওই দুর্বৃত্তরা আমাদের বাসার সামনে দিয়ে চলাফেরা করছিল বলে আমার স্ত্রী জানিয়েছে।’জেলা হাসপাতালের আরএমও মিজানুর রহমান বলেন, ‘পাপিয়ার পেটে একটি গুলি বিদ্ধ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিই।’ নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, মফিজুর রহমান নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামানের সমর্থক। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, গুলি ছোড়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।