নরসিংদীতে ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১টার দিকে শহরের পশ্চিম দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার নিহতের বড় বোন শাহিনুর বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল রাতে বাজার থেকে ফেরার পথে কামরুজ্জামানকে পশ্চিম দত্তপাড়া এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলমের দাবি, কামরুজ্জামান জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি নিহত হয়েছেন। তবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়েদ আহমেদ বলেন, ‘কামরুজ্জামান আমার পরিষদের সহসভাপতি ছিলেন। স্থানীয় মাদক ব্যবসায়ীদের রোষানলে পড়ে দীর্ঘদিন তাঁকে এলাকার বাইরে থাকতে হয়েছে। তাঁরাই তাঁকে হত্যা করতে পারে।’কামরুজ্জামানের মামাতো ভাই মোতাহার জানান, কিছুদিন ধরেই কামরুজ্জামান নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কামরুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের তালিকায় তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুন, পুলিশকে লাঞ্ছনা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে সদর থানায় ১০টি মামলা আছে। এ ঘটনায় আজ বাবন ও আঙ্গুর নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।