নরসিংদীতে জামায়াত কার্যালয়ে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শহরের ব্রাক্ষ্মন্দীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলা ও গতকাল বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিমের উপর হামলা ও তার বাম পায়ের রগ কেটে ফেলার প্রতিবাদে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এম কাইয়ুমের নেতৃত্বে এ হামলা চালানো হয়।এম কাইয়ুম প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত শিবিরের অত্যাচার আর সহ্য করা নয়। সম্প্রতি তারা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশের ওপর হামলা ও ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে ও জামায়াত শিবিরকে প্রতিহত করতেই আজ নরসিংদীর বিক্ষুব্ধ ছাত্র জনতা ফুসে উঠেছে। তাই এর প্রতিবাদে জনতা জামায়াতের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।এ ব্যাপারে নরসিংদী জেলা জামায়াতের আমির আ ফ ম আবদুস ছাত্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান রাত সোয়া এগারোটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কার্যালয়টি পুড়ে শেষ হয়ে গেছে। কারা, কেন অগ্নিসংযোগ করেছে তা এখনো বলতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।